সুলতান জন্মজয়ন্তীতে ‘ছবির মিছিল গানের মিছিল’
বরেণ্য চিত্রশিল্পী শিল্পী এস এম সুলতানের ৯৩তম জন্মজয়ন্তীতে ‘ছবির মিছিল গানের মিছিল’ এর আয়োজন করেছে ‘সর্বপ্রাণ সাংস্কৃতিক শক্তি’।
বুধবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘সুন্দরবন জাগাও-সুলতান জন্মজয়ন্তী ২০১৬’ শিরোনামে এই আয়োজন হবে বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, ছবির মিছিল গানের মিছিলে চারুশিল্পী, সঙ্গীতশিল্পী, নাট্যকর্মী, আলোকচিত্রী, চলচ্চিত্রনির্মাতা, কবি, লেখক-শিক্ষকসহ সংস্কৃতিকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেবেন।
এতে বলা হয়, “বাংলাদেশ এখন এক ক্রান্তিকাল পার করছে। আমাদের সমাজ এখন চরম সংকটের মুখোমুখি। আমরা এমন সময় পার করছি- যখন জীবনের আবাহনের বদলে চারদিকে মরনের বীজ রোপণ হচ্ছে।
“একদিকে চলছে জঙ্গিবাদের নৃশংসতা, আরেকদিকে দেশ-দর্শনহীন উন্নয়নের মূঢ়তা। এ পরিস্থিতি মোকাবিলায় সাংস্কৃতিক সংগ্রামের প্রেরণা হিসেবে শিল্পী এস এম সুলতানের ৯৩তম জন্মজয়ন্তী উদযাপনের আয়োজন করেছে সর্বপ্রাণ সাংস্কৃতিক শক্তি।”
শিল্পী সুলতানের কিছু চিত্রকর্মের অনুকৃতিসহ এ সময়ের শিল্পীদের চিত্রকর্ম-আলোকচিত্র প্রদর্শিত হবে বলেও জানানো হয়েছে।
