২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারিতে ভূমি কর্মকর্তা গ্রেপ্তার

মিথ্যা জরিপ প্রতিবেদন দেখিয়ে বেসিক ব্যাংকের শান্তিনগর শাখা থেকে ৪০ কোটি টাকা ঋণ তুলে আত্মসাতে সহযোগিতার অভিযোগে মো. শাহজাহান আলী নামের এক ভূমি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2016, 05:39 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

রাজধানীর মতিঝিল থেকে বুধবার শাহজাহানকে গ্রেপ্তার করা হয় বলে বুধবার দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই ঘটনায় ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় দুদক একটি মামলা করেছিল। ওই মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন ভূমি অফিসের প্রধান সার্ভেয়ার শাহজাহান।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১২ সালে ‘সৈয়দ ট্রেডার্স’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানাধীন একটি ভূমির আর্থিক মূল্য ৩৬ কোটি ৭৫ লাখ টাকা দেখিয়ে তাদের জন‌্য ৪০ কোটি টাকা ঋণ মঞ্জুর করে উত্তোলন ও আত্মসাতে সহযোগিতা করেছেন শাহজাহান।