গুলশান-শোলাকিয়ায় নিহত ৪ পুলিশ পরিবারকে অনুদান
রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় নজিরবিহীন জঙ্গি হামলায় নিহত চার পুলিশ সদস্যের পরিবারকে ৭০ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে বাহিনীর পক্ষ থেকে।
বুধবার ঢাকায় পুলিশ সদরদপ্তরে মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক তাদের পরিবারের সদস্যদের হাতে অনুদানের নগদ অর্থ ও সঞ্চয়পত্র তুলে দেন।
অনুষ্ঠানে মধুমতি ব্যাংক লিমিটেডের পক্ষ থেকেও প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজেন বেকারিতে জঙ্গি হামলার পর সেখানে অভিযানে গিয়ে প্রাণ হারান এসি রবিউল করিম ও ওসি মোহাম্মদ সালাউদ্দিন। ছয়দিনের মাথায় শোলাকিয়ায় ঈদ জামাতের কাছে জঙ্গি হামলায় মারা যান কনস্টেবল আনসারুল হক ও জহিরুল হক।
শোলাকিয়ায় পড়ে আছে আবীরের লাশ
পুলিশের পক্ষ থেকে রবিউলের মা করিমন্নেছাকে ৫ লাখ ও স্ত্রী উম্মে সালমাকে ১৫ লাখ; সালাউদ্দিনের স্ত্রী রেমকিমকে ২০ লাখ; আনসারুলের স্ত্রী নুরুন্নাহারকে ৫০ হাজার নগদসহ সাড়ে সাত লাখ ও মা রাবেয়া আক্তারকে ৫০ হাজার নগদসহ সাড়ে ৭ লাখ এবং জহিরুলের মা জোবায়দা খাতুনকে নগদ অর্থসহ ১৫ লাখ টাকার অনুদান দেওয়া হয়।
পাশাপাশি মধুমতি ব্যাংকের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার অনুদান দেওয়া হয়।
