২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরীয় কূটনীতিককে দেশে ফেরত পাঠালো বাংলাদেশ

অবৈধ পণ্য আমদানিসহ অপরাধমূলক বিভিন্ন কার্যক্রমে জড়িত অভিযোগে ঢাকায় উত্তর কোরিয়ার দূতাবাসে কর্মরত এক কূটনীতিককে তার দেশে ফেরত পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অপরাধবিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2016, 08:40 PM

Updated : 12 Apr 2022, 02:37 AM

কূটনীতিক হান সো ইক দূতাবাসের ‘ফার্স্ট সেক্রেটারি’ হিসেবে কর্মরত।

সোমবার দুপুরে চায়না ইস্টার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে এই কূটনীতিক ঢাকা ছাড়েন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের বিশেষ সুপার মাহবুবুর রহমান।

এর আগে সোমবারের মধ্যে হান সো ইককে বাংলাদেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওই কূটনীতিক গত মাসে নিয়ম বহির্ভূতভাবে পণ্য আমদানির সঙ্গে জড়িত ছিলেন বলে শুল্ক বিভাগ জানার পর তাকে বাংলাদেশ ছাড়ার ওই নির্দেশনা দেওয়া হয়।

কমলাপুরের কন্টেইনার ডিপো থেকে এর আগে প্রায় সাড়ে তিন কোটি মূল্যমানের তামাক ও ইলেকট্রনিক্স পণ্য জব্দ করে তারা।

এরপর জাতীয় রাজস্ব বোর্ড এসব পণ্য আমদানির সঙ্গে সম্পৃক্ত থাকায় হান সো এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়।

এর আগে ২০১৫ সালের মার্চে চোরাচালানের স্বর্ণসহ ধরার পর উত্তর কোরিয়ার তৎকালীন ফার্স্ট সেক্রেটারি সো ইয়ে নামকে ঢাকা ছাড়ার নির্দেশ দেয় বাংলাদেশ।