২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ নিয়ে রিটের রায় ১৭ অগাস্ট

বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের প্রেক্ষাপটে ডিএমপি বিধিমালার বৈধতা নিয়ে রিট আবেদনের রায় হবে ১৭ অগাস্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2016, 06:50 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

এ বিষয়ে দেওয়া রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাই কোর্ট বেঞ্চ রায়ের এ দিন ঠিক করে দেয়।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা মহানগর পুলিশ (নির্দেশনা ও নিয়ন্ত্রণ) বিধিমালার ৪ (খ)  ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের রিট আবেদনের প্রেক্ষিতে রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। হাই কোর্ট ১৭ অগাস্ট রায়ের জন্য দিন রেখেছে।”

ঢাকার বিভিন্ন বাড়িতে জঙ্গি ও সন্ত্রাসীদের আস্তানা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়ার পর গত বছর নভেম্বরে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কাজ শুরু করে মহানগর পুলিশ।

এভাবে ব্যক্তিগত তথ্য চাওয়ার মতো কোনো আইনি সুযোগ পুলিশের নেই দাবি করে তথ্য সংগ্রহের কার্যক্রম বন্ধে মার্চে একটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

ডিএমপি রুলস-২০০৬ অনুসারে সন্ত্রাস দমনে মহানগর পুলিশ ‘যে কোনো’ পদক্ষেপ নিতে পারে- এই যুক্তিতে হাই কোর্টের একটি বেঞ্চ ১৩ মার্চ ওই রিট খারিজ করে দেয়।

অপরদিকে ২০০৬ সালের ১৯ অক্টোবর জারি হওয়া ঢাকা মহানগর পুলিশ (নির্দেশনা ও নিয়ন্ত্রণ) বিধিমালার ৪ (খ) বিধির বৈধতা চ্যালেঞ্জ করে গত ২০ মার্চ আরেকটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা, এস এম এনামুল হক ও সুপ্রকাশ দত্ত।

প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চ ২৭ মার্চ রুল দেয়।

ঢাকা মহানগর পুলিশ (নির্দেশনা ও নিয়ন্ত্রণ) বিধিমালার ৪ (খ)  ধারায় যুক্ত ‘যে কোনো’ শব্দটি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না- তা জানতে চাওয়া হয় রুলে।

পুলিশ বিধিমালার ৪ (খ) ধারায় বলা হয়েছে, জনসাধারণের শান্তি বিঘ্নকারী যে কোনো উদ্যোগ প্রতিহতকরণসহ শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার স্বার্থে ‘দ্রুত যে কোনো’ পদক্ষেপ গ্রহণ করা যাবে। ওই ধারা সংবিধানের ২৬, ২৭, ৩২ ও ৪৩ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে রিট আবেদনটি করা হয়। 

আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে এ  রুলের জবাব দিতে বলে আদালত।

রুল হওয়ার পরদিন ২৮ মার্চ রাষ্ট্রপক্ষ রুল বাতিল চেয়ে চেম্বার বিচারপতির আদালতে আবেদন নিয়ে যায়। সেদিন চেম্বার বিচারপতি বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।

এর ধারাবাহিকতায় ৭ এপ্রিল শুনানি নিয়ে আপিল বিভাগ হাই কোর্টে রুল নিষ্পত্তি করতে বলে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চে ৩১ মের মধ্যে রুলের নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় এ রুলের ওপর হাই কোর্টে শুনানি শুরু হয়ে সোমবার তা শেষ হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রিট আবেদনকারী পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী হাসনাত কাইয়ূম ও ব্যারিস্টার অনীক আর হক।

মোতাহার হোসেন সাজু পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাঝে অবকাশ ছিল বলে ৩১ মে’র মধ্যে রুল নিষ্পত্তি হয়নি।” 

পুরনো খবর:

ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ: রুল নিষ্পত্তির নির্দেশ