গুলশানের ইংরেজি মাধ্যম স্কুলগুলো কর্তৃপক্ষই বন্ধ রেখেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গুলশান হত্যাকাণ্ডের পর জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহ তৈরি হওয়ায় ওই এলাকার ইংরেজি মাধ্যম স্কুলগুলো কর্তৃপক্ষই বন্ধ রাখে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন।
এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে সরকারের কোনো নির্দেশনা নেই জানিয়ে তিনি বলেছেন, এগুলো খুলে যাবে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেইকের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের একথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা যেগুলো লক্ষ করছিলাম, কতগুলো নামকরা ইংলিশ মিডিয়াম স্কুল, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এ সমস্ত জঙ্গিদের উৎসাহিত করে কিংবা কোনো কোনো শিক্ষক, কোনো কোনো ব্যক্তি যারা স্কুল কিংবা কলেজের সঙ্গে আছেন, তারা হয়তো এর সঙ্গে কাজ করেন।
“এ রকম প্রশ্ন আসাতে তারা (কর্তৃপক্ষ) বন্ধ করেছেন। এটা আমরা কিছু বলিনি। আমাদের তরফ থেকে কোনো নির্দেশনা নাই কোনোটা বন্ধ করার জন্য। আমাদের শুধু গোয়েন্দারা তৎপর আছে কোথায় কী হচ্ছে সেটা দেখার জন্য।”
গুলশানের ক্যাফেতে হামলা চালিয়ে হত্যাযজ্ঞ চালানোর পর কমান্ডো অভিযানে নিহত নিবরাজ ইসলাম বেসরকারি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের, রোহান ইবনে ইমতিয়াজ ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং মীর সামেহ মোবাশ্বের স্কলাসটিকার ছাত্র ছিলেন।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “পিস স্কুল বন্ধের নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের কাছে এসেছে। যদি তারা বন্ধ না করে তাহলে আমরা ওই নির্দেশনা কার্যকর করব।”
