বিচারক জাবেদকে আত্মসমর্পণের নির্দেশ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় নিম্ন আদালতের রায়ে দণ্ডিত ও বরখাস্ত হওয়া জ্যেষ্ঠ সহকারী জজ জাবেদ ইমামকে এক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
জাবেদের সাজা বাতিল করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করে রোববার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেয়।
রাষ্ট্রপক্ষে নিয়োজিত সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিভ টু আপিল মঞ্জুরের এ আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে জাবেদকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। রাষ্ট্রপক্ষকে দুই সপ্তাহের মধ্যে আপিলের সংক্ষিপ্তসার জমা দিতে বলেছে আদালত।
জাবেদের আইনজীবী নজরুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপিল বিভাগ লিভ দিয়েছেন। এখন বিষয়টি সর্বোচ্চ আদালত পরীক্ষা-নিরীক্ষা করবেন। তাই হাই কোর্টের রায় স্থগিত হওয়া আর না হওয়া একই।”
নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে জাবেদকে জামিন দিতে বলা হয়েছে বলেও জানান তিনি।
২০১২ সালের ১ ডিসেম্বর রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় গাড়িতে ব্যাগভর্তি ফেনসিডিলসহ গ্রেপ্তার হন ভোলার তৎকালীন সহকারী জজ জাবেদ ইমাম।
এ ঘটনায় ওই দিনই নিউ মার্কেট থানায় তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় ২০১৩ সালে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত তাকে চার বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেয়।
এই সাজার বিরুদ্ধে আপিল করলে ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি হাই কোর্ট নিম্ন আদালতের দেওয়া সাজার রায় বাতিল ঘোষণা করে জাভেদ ইমামকে খালাস দেয়।
হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ২০১৫ সালে লিভ টু আপিল করে, যা রোববার শুনানির জন্য ওঠে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশির আহমেদ। অন্যদিকে জাভেদের পক্ষে ছিলেন আইনজীবী নজরুল ইসলাম চৌধুরী।
