‘রবীন্দ্র পুরস্কার’ পেলেন সৈয়দ আকরম হোসেন ও তপন মাহমুদ
রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম নিয়ে গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে বাংলার অধ্যাপক সৈয়দ আকরম হোসেন এবং রবীন্দ্রসংগীত চর্চায় অবদানের জন্য শিল্পী তপন মাহমুদকে এ বছর ‘রবীন্দ্র পুরস্কার’ দিয়েছে বাংলা একাডেমি।
রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক, সম্মাননাপত্র, পুষ্পস্তবক ও পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকার চেক তুলে দেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান ও মহাপরিচালক শামসুজ্জামান খান।
পুরস্কার গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আকরম হোসেন বলেন, “সভ্যতার যান্ত্রিক বিকাশের পাশাপাশি যদি আমরা রবীন্দ্রনাথের চেতনায় হৃদয়বৃত্তির অনুশীলন করতে সক্ষম হই তবেই বর্তমান সংকটময় দেশীয় ও বিশ্ব পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন ঘটতে পারে।”
তপন মাহমুদ বলেন, “আজ সারা দেশে যে সাংস্কৃতিক শূন্যতা বিরাজ করছে তা নিরসন করতে দেশের তরুণ প্রজন্মকে রবীন্দ্ররচনার সান্নিধ্য দান এবং তৃণমূলে সাংস্কৃতিক বিস্তার অত্যন্ত জরুরি বিষয়।”
অনুষ্ঠানে রবীন্দ্রবিষয়ক একক বক্তৃতা দেন রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
“ব্যক্তি মানুষের অন্তর্গত বিষাদ মোচনে রবীন্দ্রনাথ যেমন তার জীবন ও সৃষ্টি নিয়ে প্রেরণার কাজ করেন, তেমনি সমাজ, দেশ ও বৈশ্বিক সংকটেও তিনি দিয়ে চলেন মুক্তির নির্দেশনা।”
সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, রবীন্দ্রনাথ বাঙালি, ভারতীয় ইত্যাদি পরস্পর-সম্পৃক্ত নানা বৃত্তের মধ্যে বাস করেও ছিলেন একজন ‘বিশ্ব নাগরিক’।
“বাঙালিত্বের পরিচয়কে তিনি তার জীবনচর্চায় মুখ্য করে তুলেছেন, কিন্তু একই সঙ্গে সাংঘর্ষিক ও বিভাজনমূলক জাতীয়তাবাদ সম্পর্কে সাবধানবাণী উচ্চারণ করেছেন। রবীন্দ্রনাথের মতো একই সঙ্গে বাঙালিত্ব ও আন্তর্জাতিকতার সদর্থকবোধ লালন করার মধ্য দিয়েই আমরা সম্মুখযাত্রার দিশা পেতে পারি।”
স্বাগত ভাষণে অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, “রবীন্দ্রনাথ, নজরুল ও বঙ্গবন্ধু আমাদের জাতীয়তাবোধ নির্মাণ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের পুরোধা। ষাটের দশকে পাকিস্তানি দুঃশাসনের বিরুদ্ধে রবীন্দ্রনাথ যেমন হয়ে উঠেছিলেন আমাদের সাংস্কৃতিক সত্তার অপরিহার্য অংশ ঠিক তেমনি আজ জঙ্গি-সন্ত্রাস মোকাবেলায় রবীন্দ্রচেতনায় সম্ভব হতে পারে বাঙালিত্বের নব উদ্বোধন।”
সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন মাহিদুল ইসলাম। কণ্ঠশিল্পী ফাহিম হোসেন চৌধুরী ও অদিতি মহসিন গেয়ে শোনান গান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে নাট্যকর্মী রামেন্দু মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আকতার কামাল, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, অধ্যাপক সৈয়দ আজিজুল হক ও অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী উপস্থিত ছিলেন।
