জঙ্গি দমনে কী হচ্ছে, জানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্লেইক
জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সরকার কী কী পদক্ষেপ নিচ্ছে তা জানতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেইক।
পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে রোববার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান ব্লেইক। প্রতিনিধি দলে যুক্তরাজ্যের কাউন্টার টেররিজম ও ইনটেলিজেন্সের কর্মকর্তারাও ছিলেন।
এসময় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া ও কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, “তারা জানতে এসেছেন আমরা কী করছি, কীভাবে মোকাবেলা করছি এবং আমাদের কিছু প্রয়োজন আছে কি না।”
‘গুলশান হত্যাকাণ্ড বাংলাদেশে এ ধরনের প্রথম ঘটনা’ জানিয়ে এর সঙ্গে জড়িতদের ধরতে গোয়েন্দারা কাজ করছে বলে প্রতিনিধি দলকে বলেছেন মন্ত্রী।
“এ ঘটনা শুধু বাংলাদেশেই হয় না, সারা পৃথিবীতে হচ্ছে, তোমার দেশেও (ইংল্যান্ড) হচ্ছে তা তাদের বলেছি।”
“আমরা তাদের সেটাই বলেছি যে, আপনাদের অভিজ্ঞতা, আপনাদের দক্ষতা, আপনাদের অন্যান্য যেমন গোয়েন্দা তথ্য যদি আমাদের সাথে বিনিময় করেন, তাহলে আমরা হয়তো এগুলোকে (জঙ্গিবাদ) আরও কার্যকরভাবে, আরও তাড়াতাড়ি দমন করতে পারব।”
জঙ্গি দমনে বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী যুক্তরাজ্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।
‘অভ্যন্তরীণ সমস্যার’ কারণে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল সাময়িক বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ব্লেইক। সেগুলো ‘খুব শিগগির’ খুলে দেওয়া হবে বলে তিনি বলেছেন।
আসাদুজ্জামান কামাল বলেন, “তাদের বলেছি- নিরাপত্তা আরও চাইলে আরও দিব তবু লাখ লাখ ছেলে-মেয়ে ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেলে পড়াশুনা করছে, তাদের যেন কোনো অসুবিধা না হয়।”
