২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মলাটে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনী

বঙ্গবন্ধুর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের নানা চালচিত্র নিয়ে প্রাবন্ধিক সৈয়দ বদরুল আহসানের লেখা ‘ফ্রম রেবেল টু ফাউন্ডিং ফাদার: শেখ মুজিবুর রহমান’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2016, 09:27 PM

Updated : 11 Oct 2022, 08:34 PM

শনিবার বিকালে পাঠক সমাবেশে বইটির এ প্রকাশনা অনুষ্ঠান হয়।

বঙ্গবন্ধুকে নিয়ে জীবনী, কবিতা, গল্পগ্রন্থ রচিত হলেও ইংরেজি ভাষায় তা বড় অপ্রতুল। পৃথিবীর রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে বঙ্গবন্ধুর নামটি বারেবারে উচ্চারিত হলেও ভিন্ন ভাষাভাষী পাঠকের কাছে এতদিন বঙ্গবন্ধু পাঠ ছিল দুরুহ।

তরুণ বয়সে খুব কাছ থেকে দেখা বঙ্গবন্ধুর জীবনের নানা দিক নিয়ে ইংরেজি ভাষায় লিখে এবার সেই আক্ষেপই যেন ঘোচালেন প্রাবন্ধিক সৈয়দ বদরুল।

প্রকাশনা অনুষ্ঠানে এসে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “আমি বইটি যতটুকু পড়েছি, মোটামোটিভাবে বলা যায় বইটি সুখপাঠ্য। এই এতটুকু বইয়ের মধ্যে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনী বলা নিশ্চয় বড় কৃতিত্বের বিষয়। বইয়ের প্রতিটি লাইন, প্রতিটি অনুচ্ছেদ খুব সাবধানে পড়তে হয়।”

এই বইয়ের মাধ্যমে ইংরেজি ভাষাভাষী তরুণদের জন্য বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন সম্পর্কে আরও ভালোভাবে জানার ও বোঝার সুযোগ হলো বলে মন্তব্য করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

“মহামানব বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনকে আমি এক কথায় বলবো এক এপিক জার্নি। গবেষণামূলক এই গ্রন্থে হয়ত তার সবটুকু প্রকাশ করা সম্ভব নয়। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন বহুমাত্রিক, ঘটনাবহুল ও ঝঞ্ঝাবিক্ষুব্ধ।

“ইংরেজি ভাষায় গ্রন্থ প্রকাশের ফলে ইংরেজি ভাষাভাষী তরুণরা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে, বুঝতে পারবে। দেশ-বিদেশে প্রচুর মানুষ এখন বঙ্গবন্ধুকে নিয়ে জানতে চায়।”

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “বঙ্গবন্ধুকে নিয়ে গল্প, কবিতা তো আর নেহায়েত কম লেখা হয়নি। তবে রাজনৈতিক জীবনীমূলক গ্রন্থ বলতে আমি বদরুল আহসানের বইটির কথা বিশেষভাবে উল্লেখ করব।

“লেখক অল্প পরিসরে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরেছেন।”

বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনকে বাঙালির ‘সাহস ও শক্তির উৎস’ হিসেবে মন্তব্য করে জনপ্রশাসন সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী বলেন, “তার মহাকাব্যিক চরিত্রের দ্যোতনা আরও গভীর অন্তর্দৃষ্টি দিয়ে আমাদের দেখতে হবে।”

সরকারিভাবে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনীগ্রন্থ প্রকাশ না হওয়ার হতাশা প্রকাশ করেন রাজনীতিক ও গবেষক নূহ-উল আলম লেনিন।

“বাংলা-ইংরেজি দুই ভাষাতেই বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনীর বড় অভাব ছিল। বঙ্গবন্ধুর মতো মহাকাব্যিক রাজনৈতিক চরিত্রকে নিয়ে এত অল্প পরিসরে আলোচনা সত্যি প্রশংসার দাবিদার।

২৮০ পৃষ্ঠার জীবনীমূলক বইটির দাম নির্ধারণ করা হয়েছে ১১৯০ টাকা। দিল্লির নিয়োগি প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত এই বইয়ের বাংলাদেশে পরিবেশক পাঠক সমাবেশ।

অনুষ্ঠানে বইটি নিয়ে অন্যদের মধ্যে মতামত জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, কথাসাহিত্যিক সেলিনা হোসেন।