২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি ‘আশ্রয়দাতা’ বাড়ির তত্ত্বাবধায়ক রিমান্ড শেষে কারাগারে

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় জড়িত কয়েকজনের ‘আশ্রয়দাতা’ সন্দেহে গ্রেপ্তার রাজধানীর মিরপুর রুপনগর এলাকার আরিফাবাদ হাউজিংয়ের বাড়ির তত্ত্বাবধায়ক দাউদ পাটোয়ারিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2016, 07:53 PM

Updated : 20 Aug 2022, 01:22 PM

ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম শুক্রবার তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এর আগে গত ২ জুলাই দাউদকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের হেফাজত চাইলে আদালত তাকে দুইদিনের হেফাজতে পাঠায়।

আদালত পুলিশের এসআই রণপ কুমার ভক্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিমান্ড শেষে দাউদকে ফের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির।

শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দাউদ পাটোয়ারি রূপনগর থানাধীন আরিফাবাদ হাউজিংয়ের ব্লক ‌‘আই’ এর ১ নম্বর রোডের ১ নম্বর বাড়ির তত্ত্বাবধায়ক। গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে তদন্তের অংশ হিসেবে ওই হামলাকারীদের ঢাকার অবস্থান শনাক্ত করা হয়।

হামলাকারীদের কেউ কেউ আরিফাবাদ হাউজিংয়ের ওই বাসায় থেকে জঙ্গি কার্যক্রম পরিচালনা করেছিল বলে তদন্তে পাওয়ার কথা জানায় পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য, বাড়িটির তত্ত্বাবধায়ক দাউদ ‘জঙ্গি কর্মকাণ্ডে জড়িত’ ইসমাইল হোসেন নামের এক ব্যক্তিকে বাসা ভাড়া দিয়েছিলেন। ওই ব্যক্তির কোনো স্থায়ী ঠিকানা এই তত্ত্বাবধায়ক রাখেননি।

রাজধানীতে বাড়ির তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করা দাউদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার নরোত্তমপুর গ্রামে।

পুরনো খবর:

জঙ্গি ‘আশ্রয়দাতা’ সন্দেহে রূপনগরের বাড়ির তত্ত্বাবধায়ক রিমান্ডে