২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরের বাড়িতে ভিসাহীন ৪৪ নেপালি

রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর এক বাড়ি থেকে ৪৪ জন নেপালি নাগরিককে আটক করা হয়েছে, যাদের ভিসার মেয়াদ ফুরিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2016, 12:49 PM

Updated : 12 Apr 2022, 02:36 AM

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মইনুল কবির জানান, শুক্রবার সকালে মিরপুর ডিওএইচএস-এর ১০৬০ নম্বর হোল্ডিংয়ের সাত তলা ভবনের বিভিন্ন ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়।

“ওই ভবনে তাদের পুলিশ পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই নেপালিদের সবাই পুরুষ; তাদের কারও ভিসার মেয়াদ নেই।”

এ বিষয়ে নেপাল দূতাবাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা দূতাবাসের জবাবের অপেক্ষায় রয়েছি। তাদের বক্তব্য পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”     

সরকারি তথ্য অনুযায়ী, বাংলাদেশে বৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকের সংখ্যা সোয়া দুই লাখের মত। এর বাইরে প্রায় ১০ হাজার বিদেশি ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও বাংলাদেশে অবস্থান করছেন বলে পুলিশের তথ্য।

নাইজেরিয়া, উগান্ডা, ঘানা, আলজেরিয়া, ক্যামেরুন ও লাইবেরিয়ার মত আফ্রিকান দেশ থেকে আসা অনেকে বাংলাদেশে বিভিন্ন অপরাধমূল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ২০১৪ সালে তালিকা করে অভিযান শুরুর উদ্যোগ নেন গোয়েন্দারা। সে সময় শতাধিক বিদেশি নাগরিককে গ্রেপ্তারও করা হয়।  

পুলিশ কর্মকর্তারা জানান, গত কয়েক বছরে বাংলাদেশে যে বিদেশি নাগরিকদের গ্রেপ্তার করা হয়েছে তাদের একটি বড় অংশ খেলোয়াড় হিসেবে অথবা স্টুডেন্ট ভিসায় এ দেশে এসে আর ফিরে যাননি।