তৃতীয়বারের মতো এপিএ চুক্তি হতে যাচ্ছে বৃহস্পতিবার
সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি কাজের গতি বাড়াতে তৃতীয়বারের মত সব মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) করতে যাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা এই চুক্তিতে সই করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম।
তিনি বলেন, সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এপিএ প্রবর্তন করা হয়েছে।
এই চুক্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কৌশলগত উদ্দেশ্য এবং এসব উদ্দেশ্য অর্জনে গৃহিত কার্যক্রমের বিষয়ে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়।
২০১৪-১৫ অর্থবছরে মন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে প্রথমবারের মত এপিএ করে মন্ত্রিপরিষদ বিভাগ। ২০১৫-১৬ অর্থবছর থেকে মন্ত্রণালয় ও বিভাগের পাশাপাশি মন্ত্রণালয় ও বিভাগের অধীন দপ্তর ও সংস্থাগুলোর সঙ্গেও এই চুক্তি হয়।
মোহাম্মদ শফিউল আলম
তিনি বলেন, “২০১৬-১৭ অর্থবছরের এপিএ প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য এপিএ চুক্তিতে বর্ণিত সকল কাজের অগ্রগতি বস্তুনিষ্ঠভাবে পরিবীক্ষণ এবং মূল্যায়নের ব্যবস্থা রেখে এ বছর তিনটি নীতিমালা জারি করা হয়েছে।”
এপিএ নিয়ে ধারণা দিতে মন্ত্রিপরিষদ বিভাগ ৪৮টি মন্ত্রণালয় ও বিভাগের এপিএ টিমের ২৫০ জন এবং মাঠ পর্যায়ের বিভিন্ন দপ্তরের ১৫০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছে বলেও জানান জিয়াউল।
২০১৪-১৫ অর্থবছরের এপিএ ওই অর্থবছরের কয়েক মাস বাকি থাকতে করা হয়েছিল জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মহিউদ্দীন খান বলেন, মন্ত্রণালয়গুলো কাজ করতে মাত্র ৪/৫ মাস সময় পেয়েছিল, ওই সময়ের কাজের মূল্যায়ন আশাব্যাঞ্জক।
“১০০’র মধ্যে বেশ কিছু মন্ত্রণালয় ৯৮ পেয়েছে। বেশিরভাগ মন্ত্রণালয় পেয়েছে ৯০। মাত্র তিনটি মন্ত্রণালয় ৭৮ পেয়েছে।”
২০১৫-১৬ অর্থবছরের এপিএ’র মূল্যায়ণ এখনও হয়নি জানিয়ে জিয়াউল আলম বলেন, আগামী ১৪ অগাস্ট পর্যন্ত মন্ত্রণালয়গুলো গত অর্থবছরের এপিএ অগ্রগতি জানাতে সময় পাবে, এরপর আমরা তা মূল্যায়ন করব।
কর্মকর্তা পর্যায়ে মূল্যায়ন হচ্ছে না জানিয়ে সচিব জিয়াউল আলম বলেন, আমরা সেদিকেই যাচ্ছি, তখন কেউ আর কাজে ফাঁকি দিতে পারবে না।
