২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্যাচেলরদের’ জন্য সরকারি আবাসনের দাবি

সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষাপটে ‘ব্যাচেলর’ বা অবিবাহিতদের বাড়ি ভাড়া দিতে বাড়িওয়ালাদের অনীহার কারণে তাদের জন্য সরকারিভাবে আবাসনের ব্যবস্থা করার দাবি উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2016, 05:31 PM

Updated : 20 Aug 2022, 01:21 PM

মঙ্গলবার রাজধানীর তোপখানা সড়কে নির্মল সেন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় ‘ভাড়াটিয়া পরিষদ’ নামে একটি সংগঠন।

সাম্প্রতিক জঙ্গি হামলায় ঘরছাড়া তরুণদের জড়িয়ে পড়ার তথ্য প্রকাশের পর রাজধানীর যে কয়েকটি বাড়িতে পুলিশ জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে, সব কটিতেই ‘ব্যাচেলর’রা থাকতেন।

ওই সব বাড়ির মালিককেও পুলিশ গ্রেপ্তার করার পর এখন রাজধানীর বাড়িওয়ালারা অবিবাহিতদের বাড়ি ভাড়া দিতে নিরুৎসাহিত হচ্ছেন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা।

বিষয়টি তুলে ধরে সংবাদ সম্মেলনে ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতান বাহার বলেন, “পুলিশের তল্লাশি ও বাড়ির মালিকদের গ্রেপ্তারের পর ব্যাচেলরদের বাড়ি ছেড়ে দিতে বলা হচ্ছে, ব্যাচেলর ভাড়া দেওয়া হবে না এমন নোটিসও টানিয়ে দেওয়া হচ্ছে।”

গুটিকয়েক জঙ্গির কারণে অবিবাহিত কর্মজীবী এবং শিক্ষার্থীরা এক রকম নির্যাতনের শিকার হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

Image
জঙ্গি হামলা এবং পুলিশের অভিযানের পর এই রকম নোটিস ঝুলছে এখন রাজধানীর অনেক বাড়িতে

জঙ্গি হামলা এবং পুলিশের অভিযানের পর এই রকম নোটিস ঝুলছে এখন রাজধানীর অনেক বাড়িতে

বাহার বলেন, একদিকে বাড়ি ছেড়ে দিতে বলা হচ্ছে, অন্যদিকে এই সুযোগে অনেকে ভাড়া বাড়িয়ে দিচ্ছে।

এই দুর্ভোগ অবসানে ‘ব্যাচেলর’দের আবাসনের ব্যবস্থা করতে সরকারিভাবে উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

সেই সঙ্গে ‘ব্যাচেলর’ ভাড়াটিয়াদের আবাসনের নিরাপত্তা নিশ্চিত, পুলিশি হয়রানি বন্ধের দাবিও জানান বাহার।

‘ব্যাচেলর’দের ভোগান্তির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে ১১ অগাস্ট রাত ৮টায় কাঁথা-বালিশসহ প্রতীকী অবস্থান কর্মসূচির ঘোষণাও দেওয়া হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে ছিলেন সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, অনলাইন এক্টিভিষ্ট ফোরামের সভাপতি কবির চৌধুরী তন্ময়, সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাত ফাতেমা, শিক্ষক নেতা সামসুল আলম, ভাড়াটিয়া পরিষদের নেতা মো, মোস্তফা, জামাল শিকদার, মো. আল-আমিন।