আমাদের সময়: নাঈমুলের আবেদনে আদেশ বুধবার
দৈনিক আমাদের সময়ের প্রকাশনা নিয়ে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে পত্রিকাটির সাবেক সম্পাদক নাঈমুল ইসলাম খানের করা লিভ টু আপিলের বিষয়ে আপিল বিভাগের আদেশ জানা যাবে বুধবার।
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার আদেশের নতুন এ দিন ঠিক করে দেয়।
এস এম বকস কল্লোলকে ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার প্রকাশক ঘোষণা করে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট যে আদেশ দিয়েছিলেন তা হাই কোর্টে বহাল থাকে। হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধেই আপিল করতে চান নাঈমুল ইসলাম।
মঙ্গলবার শুনানির পর কল্লোলের কৌঁসুলি আহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “কল্লোল প্রকাশক হিসেবে প্রত্রিকাটি প্রকাশ করে যাবেন। এ ব্যপারে আদালত কোনো স্থগিতাদেশ দেয়নি। নাঈমুল ইসলাম খানের লিভ টু আপিল মঞ্জুর করেছেন।”
কিন্তু বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে দেখা যায়, আপিল বিভাগের ওই বেঞ্চের বুধবারের কার্যতালিকার ১ নম্বর ক্রমিকে মামলাটি আদেশের জন্য রাখা হয়েছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আহসানুল করিম পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত মৌখিকভাবে বলেছেন লিভ হবে। আবেদনকারীপক্ষ বলেছে গ্রাউন্ডস (যুক্তি) কী? উভয়পক্ষেকে কাল (বুধবার) গ্রাউন্ডস দিতে বলেছে। এ জন্য আদেশটা কাল (বুধবার) পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।”
ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের এক আদেশে ২০১১ সালে ২৮ সেপ্টেম্বর এস এম বকস কল্লোলকে আমাদের সময়ের প্রকাশক ঘোষণা করা হলে পত্রিকাটির প্রতিষ্ঠাকালীন সম্পাদক নাঈমুল ইসলাম খান বাদ পড়েন।
জেলা ম্যাজিস্ট্রেটের ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে নাঈমুল ইসলাম হাই কোর্টে রিট আবেদন করেন, যার শুনানি নিয়ে ২০১২ সালের ১৬ জানুয়ারি হাই কোর্ট রুলের পাশাপাশি প্রকাশক ঘোষণার আদেশের কার্যকারিতা স্থগিত করে।
বিষয়টি শুনানির জন্য প্রধান বিচারপতি তিন বিচারকের বৃহত্তর বেঞ্চ গঠন করে দেন এবং ২০১২ সালের ৮ অগাস্ট হাই কোর্ট রায় দেয়।
রায়ে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ বহাল রাখা হয় এবং প্রকাশক হিসেবে কল্লোলের পত্রিকা প্রকাশের ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে নাঈমুল ইসলাম খান লিভ টু আপিল করেন।
আদালতে নাঈমুল ইসলাম খানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান ও ব্যারিস্টার আখতার ইমাম।
অন্যদিকে এস এম বকস কল্লোলের পক্ষে আহসানুল করিম ছাড়া ব্যক্তিগত ভাবে (পারসোনাল ক্যাপাসিটিতে) কল্লোলের পক্ষে লড়েন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম। অন্যদের মধ্যে কল্লোলের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও শরীফ উদ্দিন চাকলাদার।
(সংশোধিত)
