২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্মরণসভায় রণজিৎ বিশ্বাসের স্মৃতি রোমন্থন

সাবেক জ্যেষ্ঠ সচিব কবি ও লেখক রণজিৎ কুমার বিশ্বাসের স্মরণসভায় এসে তার স্মৃতি রোমন্থন করেছেন বন্ধু, সহকর্মী ও পরিচিতজনরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2016, 12:04 AM

Updated : 20 Aug 2022, 01:21 PM

সোমবার বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন।

স্মরণসভায় এসে আবেগাপ্লুত হয়ে উঠেছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

প্রিয় সহকর্মীর সঙ্গে নানা স্মৃতি রোমন্থন করে সংস্কৃতিমন্ত্রী বলেন, “তিনি ছিলেন সত্যিকার অর্থে ভালো মানুষ, আপাদমস্তক পরিপূর্ণ বাঙালি। প্রচণ্ড আদর্শবাদী ও মানবতাবাদী মানুষটিকে আমি এক কথায় বলবো মহামানব। তিনি এখনও আলোকবর্তিকা হয়ে পথ দেখাবেন আমাদের।”

গত ২৩ জুন চট্টগ্রামের সার্কিট হাউজে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রণজিৎ কুমার বিশ্বাস।

গত বছরের ৩০ এপ্রিল অবসরোত্তর (পিআরএল) ছুটিতে যাওয়া রণজিৎ ২০১৩ সালের ২৫ মার্চ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হন রণজিৎ। পরে গত বছরের ২৭ এপ্রিল অবসরে যাওয়ার দুই দিন আগে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পান তিনি।

রণজিৎ বিশ্বাস স্মরণে সংস্কৃতিমন্ত্রী বলেন, “আমোদপ্রিয়, বন্ধুবৎসল মানুষটি একদিন অবসরে গেলেন। অবসরের পর নতুন এক সৃষ্টির জগতে তিনি প্রবেশ করবেন বলেছিলেন। নিজের দুঃখ প্রকাশ করে কখনও কাউকে তিনি বিব্রত করেননি।”

স্মরণসভায় এসে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “রণজিৎ বিশ্বাস বহু গুণে গুণান্বিত। ভীষণ আন্তরিক, রুচিবান ও মার্জিত এই মানুষটি ছিলেন দেশজ সংস্কৃতির মোড়কে মোড়া।”

সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে নিয়মিত লেখালেখি করতেন। ক্রিকেট নিয়ে তার লেখা ছিল বেশ জনপ্রিয়। তার কয়েকটি বইও প্রকাশিত হয়েছে। এর মধ্যে ‘কুড়িয়ে পাওয়া সংলাপ’, ‘মানুষ ও মুক্তিযুদ্ধের সংলাপ’, ‘শুদ্ধ বলা শুদ্ধ লেখা’, ‘হৃদয়ের ক্ষরণকথা’ উল্লেখযোগ্য।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জেষ্ঠ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী বলেন, “সরকারি দায়িত্ব পালন করতে নানা সময়ে দুর্ভাগ্য তাড়া করেছে রণজিৎদাকে।”

সংশ্লিষ্টদের প্রতি রণজিৎ বিশ্বাসের অপ্রকাশিত লেখাগুলো নিয়ে সংকলন প্রকাশের অনুরোধও জানান তিনি।

তথ্যসচিব মরতুজা আহমেদ বলেন, “স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী জ্ঞানপিপাসু এই মানুষটি আপন মহিমায় ভাস্বর ও মহিমান্বিত। সচিব পরিচয়ের বাইরে প্রবন্ধকার, রম্য লেখক, ক্রীড়া লেখক, অনুবাদক-কোনটি ক্ষেত্রে তাকে পেছনে ফেলবেন?  তবে আমি দেখেছি, তিনি খুব প্রচারবিমুখ ছিলেন।”

১৯৮১ সালের ৪ ফেব্রুয়ারি তথ্য কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন রণজিৎ। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্বেও ছিলেন তিনি। এর আগে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।

২০১১ সালের ১৪ মার্চ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পাওয়ার পর একই বছরের ১০ অক্টোবর একই মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদোন্নতি পান।

রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া বলেন, “আমাদের স্বস্তির বিষয়, কখনও তিনি তোষামোদির বৃত্তে ঢুকে পড়েননি। আমরা বড় সৎ, নির্লোভ, সরল ও সজ্জন লোককে পেয়েছিলাম।”

১৯৫৬ সালের ১ মে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা গ্রামে জন্মগ্রহণ করেন রণজিৎ কুমার বিশ্বাস।

তার স্মরণসভায় সংস্কৃতি সচিব আকতারী মমতাজ বলেন, “বন্ধুর পথ পাড়ি দেওয়া রণজিৎ বিশ্বাস নৈতিকতা, মূল্যবোধ দিয়ে সমুন্নত জীবনবোধে এক স্বতন্ত্র সত্তা তৈরি করেছিলেন। তিনি বেঁচে থাকলে তার ভাবনার সঙ্গে আরও বেশি করে পরিচিত হতে পারতাম, তিনিও ছড়াতেন জ্ঞানের আলো।”

অনুষ্ঠানে এসেছিলেন রণজিৎ বিশ্বাসের স্ত্রী শেলী সেনগুপ্তাও।

তিনি বলেন, “মাত্র ১৬ বছর বয়সে আমার হাত ধরেছিলেন রণজিৎ। ওর তো এত তাড়াতাড়ি চলে যাবার কথা ছিল না।”

৪০ বছরেরও বেশি দাম্পত্য জীবনে স্বামীকে ‘আবিষ্কার করতে পারেননি’ এমন মন্তব্য করে তিনি বলেন, “লোকটি প্রকৃতপক্ষেই এক কিংবদন্তি ছিলেন। আমি কখনও বলব না, তার শুন্যতা তৈরি হয়েছে। তিনি কেবল অদৃশ্যমান রয়েছেন। সাধক মানুষটি আমাকে এক বাউল জীবন উপহার দিয়ে গেছেন। আমি সে জীবনই উপভোগ করব।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, সাবেক তথ্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব এ এইচ এম আব্দুল্লাহ, সাবেক অতিরিক্ত সচিব এ এস নূরুস সাফা চৌধুরী, ক্রীড়া লেখক সমিতির সভাপতি মোস্তফা মামুন ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।