রামপাল আন্দোলনকারীদের নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ
রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিরোধিতাকারী নাগরিক সমাজ ‘সঠিক তথ্য, প্রমাণ ও যুক্তি ছাড়াই’ আন্দোলন চালাচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি।
সোমবার এক বিবৃতিতে এই প্রতিবাদ জানিয়ে ৫৩টি সামাজিক সংগঠনের জোটটির আহ্বায়ক সুলতানা কামাল বলেছেন, প্রতিমন্ত্রীর বক্তব্য আন্দোলনকারী নাগরিক সমাজের বিরুদ্ধে ইচ্ছাকৃত অপপ্রচারের শামিল।
সুন্দরবনের ইউনেস্কো ঘোষিত হেরিটেজ অংশ থেকে ৬৯ কিলোমিটার এবং সুন্দরবনের প্রান্ত সীমা থেকে ১৪ কিলোমিটার দূরের রামপালে কয়লা বিদ্যুৎকেন্দ্র ‘মৈত্রী সুপার থারমাল’ নির্মাণে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগ নেওয়ার পর থেকেই এটির বিরোধিতার করছে পরিবেশ নিয়ে উদ্বিগ্নদের একটি অংশ।
বন ধ্বংস হতে পারে আশঙ্কায় বিদ্যুৎকেন্দ্রটি নিমার্ণে আন্দোলন চালিয়ে আসলেও তারা তথ্য-প্রমাণ ও যুক্তি ছাড়াই বিভ্রান্তি তৈরি করছেন বলে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে সুলতানা কামাল বলেন, “সুন্দরবনের পাশে রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদী নাগরিকদের সম্পর্কে বিদ্যুৎ প্রতিমন্ত্রী কিছু মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যে প্রতিবাদী নাগরিকবৃন্দ বিদ্যুৎকেন্দ্র বিষয়ে কোনো সঠিক তথ্য, প্রমাণ ও যুক্তি ছাড়াই তাদের বিরোধিতা ও আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
“আমি পরিষ্কারভাবে জানাতে চাই যে, মন্ত্রীর এই বক্তব্যটি একেবারেই সত্য নয় এবং তা আন্দোলনকারী নাগরিক সমাজের বিরুদ্ধে ইচ্ছাকৃত অপপ্রচারের শামিল।”
প্রতিমন্ত্রীর বক্তব্যকে ‘ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও অসত্য’ দাবি করে তা প্রত্যাহারের জোর দাবি জানান এই আইনজীবী।
দেশ-বিদেশের বিজ্ঞানী ও পরিবেশবিদসহ সব মহল বিজ্ঞান-ভিত্তিক যুক্তি দিয়ে রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রত্যক্ষ ও পরোক্ষ দু’ভাবেই সুন্দরবনের পরিবেশ, প্রতিবেশ ও বাংলাদেশের অর্থনীতির অপূরণীয় ক্ষতি সাধন করবে এমন তথ্য উপস্থাপন করেছেন বলে বিবৃতিতে বলা হয়।
১৯ জুন ২০১৬ তারিখে বিদ্যুৎ ভবনের এক আলোচনা সভায় নাগরিক সমাজের প্রতিনিধিবর্গ বিজ্ঞানভিত্তিক ওইসব তথ্য ও যুক্তিসমূহ ‘পরিষ্কারভাবে’ তুলে ধরেন দাবি করে সুলতানা কামাল বলেন, “যার কোনোটিই সরকারি পক্ষ খণ্ডন করতে পারেননি। এই সভার শেষ পর্যায়ে মন্ত্রী মহোদয় নিজেকে ‘কোনোপক্ষের নয়, দুই পক্ষের মাঝখানের’ বলে অভিহিত করেন ও আরও আলোচনার আশ্বাস প্রদান করেন।
“অথচ তার কয়েকদিনের মধ্যেই রামপাল বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ ও নির্মাণকারী কোম্পানির মধ্যে অবকাঠামো নির্মাণের চুক্তি স্বাক্ষর করা হয়েছে। অর্থাৎ মন্ত্রী ‘মাঝখানের’ অবস্থান ত্যাগ করেছেন ও নাগরিক আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছেন।”
বিবৃতিতে আরও বলা হয়, “একাধিক দেশীয় ও বিদেশী বিশেষজ্ঞবৃন্দ দেখিয়েছেন, সরকার কর্তৃক অনেক আগেই ঘোষিত সুন্দরবনের পরিবেশগত সংকটাপন্ন এলাকা ‘বাফার জোন’ থেকে মাত্র চার কিলোমিটারের মধ্যে কয়লা ভিত্তিক এই তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে তা থেকে বিষাক্ত গ্যাস ও রাসায়নিক বর্জ্য নিশ্চিতভাবেই সুন্দরবনের সকল গাছপালা, তৃণলতা-গুল্ম, পশু-পাখি, জলজ প্রাণীসহ সার্বিক ও অনন্য জীব-বৈচিত্র ধ্বংস হবে, বনের উপর নির্ভরশীল ২/৩ কোটি মানুষের জীবিকা বিনষ্ট হবে এবং সারা দেশ জলবায়ু পরিবর্তনজনিত সংকট বিশেষ করে ক্রমবর্ধমান সাইক্লোনজনিত ধ্বংসলীলার চারণভুমিতে পরিণত হবে।”
সরকার এখন বিজ্ঞানকে অস্বীকার করে নানাবিধ ‘অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, অসত্য তথ্য’ ব্যবহার করে উদ্বিগ্ন নাগরিক সমাজ ও দেশবাসীর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে উল্লেখ করে এই মানবাধিকার সংগঠক বলেন, “মন্ত্রীর এই বক্তব্যই তার প্রকৃষ্ট প্রমাণ।”
