সোহেল রানার বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন
নির্ধারিত সময়ে সম্পদের হিসাব দাখিল না করায় রানা প্লাজার স্বত্ত্বাধিকারী সোহেল রানার বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্পদের হিসাব বিবরণী না দেওয়ার এই মামলায় আদালতে উপস্থাপনের জন্য সোমবার ওই অভিযোপপত্র অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রণবকুমার ভট্টাচার্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “যথা সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় গত বছর কমিশন যে মামলা করেছিল, সেই মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে কমিশন।”
২০১৪ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের চারদিন পর সোহেল রানার সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। অনুসন্ধানে রানার প্রায় ১৭ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সন্ধান পায় কমিশন।
এর মধ্যে রয়েছে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ৫০ শতাংশ জমি, সাভার বাজার রোডে একটি আট তলা বাণিজ্যিক এবং একটি পাঁচতলা আবাসিক ভবন, মানিকগঞ্জের শিঙ্গাইরে একটি দোতলা ভবন, ‘রানা ব্রিকস’ ও ‘এসএমকে ব্রিকস’ নামের দুটি ইট ভাটা এবং ‘রানা অয়েল মিল’।
এছাড়া অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে এক্সিম ব্যাংকের সাভার বাজার শাখায় ৩৫ লাখ টাকার ‘এফডিআর’, ন্যাশনাল ব্যাংক সাভার বাজার শাখার দুটি হিসাব এবং ব্র্যাক ব্যাংক সাভার বাসস্ট্যান্ড শাখার দুটি হিসাবে রাখা টাকা।
তবে দুদকের অনুসন্ধানে দেখা যায়, সোহেল রানা তার সম্পদের বেশিরভাগই করেছেন তার মা-বাবার নামে। রানা প্লাজা ভবনটিও তার মা বাবার নামেই করা।
এই প্রেক্ষাপটে পরের বছর ১২ এপ্রিল সোহেল রানা, তার বাবা আব্দুল খালেক এবং মা মর্জিনা খাতুনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ উপার্জনের অভিযোগে একটি মামলা করে কমিশন।
মামলার আগে ২ এপ্রিল রানাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়ে নোটিশ দিয়েছিল দুদক। বিধি অনুযায়ী নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হলেও তা মানেন নি রানা।
নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় গত বছরের ২০ মে দুদকের উপ পরিচালক মাহবুবুল আলম রাজধানীর রমনা থানায় একটি ‘নন–সাবমিশন’ মামলা করেন।
সেই মামলারই অভিযোগপত্র সোমবার অনুমোদন করা হল।
২০১৪ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ১০ তলা ভবন রানা প্লাজা ধসে নিহত হয় সহস্রাধিক মানুষ। এই ঘটনার পাঁচদিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয় ভবন মালিক সোহেল রানাকে।
রানা প্লাজা নির্মাণে নকশা জালিয়াতির অভিযোগে দুদকের আরও একটি মামলার আসামি সোহেল রানা গ্রেপ্তারের পর থেকেই গাজীপুরের কাশিমপুর করাগারে রয়েছেন।
এ ঘটনায় ধসের দিনই সাভার থানায় দুটি মামলা হয়। হতাহতের ঘটনায় ভবনমালিক রানা ও কারখানা মালিকদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করে পুলিশ। আর ভবনের অবকাঠামো নির্মাণে ত্রুটি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে আরও একটি মামলা করে রাজউক।
