দুর্নীতির মামলায় নূর হোসেনের স্ত্রী কারাগারে
দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে নারায়ণগঞ্জের আলোচিত সাতখুন মামলার প্রধান আসামি নূর হোসেনের স্ত্রী রুমা হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার মহানগর হাকিম আবু সাঈদ এই আদেশ দিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দুদকের উপসহকারী পরিচালক (প্রসিকিউশন) শহীদুর রহমান।
এর আগে সকালে দুদকের উপপরিচালক জুলফিকার আলী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল থেকে গ্রেপ্তার হন রুমা হোসেন।
দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৩ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকার সম্পদ গোপন এবং ৫ কোটি ২২ লাখ ৩ হাজার ১১৬ টাকার আয় বহির্ভূত সম্পদ উপার্জনের অভিযোগে সোমবার রাজধানীর রমনা থানায় রুমার বিরুদ্ধে দুটি মামলা করেন জুলফিকার আলী।
ওই মামলাতেই গ্রেপ্তার করা হয় রুমাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শহীদুর রহমান জানান, আদালতে রুমা হোসেনের আইনজীবী আশিকুর রহমান তার পক্ষে জামিনের আবেদন করেন।
অন্যদিকে জুলফিকার আলী জামিনের বিরোধিতা করে তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন।
শহীদুর বলেন, “শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
