২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাইরের চাকচিক্যে বিশ্বাসী নয়, মানবিক বোধে জাগ্রত ছিলেন মিতিল’

শিরিন বানু মিতিলের স্মরণ সভায় অংশ নিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেছেন, পোশাক, আসবাবসহ বাইরের চাকচিক্যে মানুষের মর্যাদা নির্ধারিত হয় বলে মনে করতেন না এই মুক্তিযোদ্ধা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2016, 01:11 AM

Updated : 11 Oct 2022, 08:33 PM

পুরনো খবর:

মুক্তিযোদ্ধা শিরিন বানু মারা গেছেন

তার এই বোধ ছড়িয়ে দিতে পারলে তরুণ প্রজন্ম তাদের সংকট থেকে বেরিয়ে আসতে পারবে বলেও মন্তব্য করেছেন তিনি।

গত বুধবার মারা যাওয়া মুক্তিযোদ্ধা ও নারী নেত্রী মিতিলের স্মরণে রোববার বিকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে সভায় অংশ নেন সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বদের পাশাপাশি প্রয়াতের সন্তানরা।

মৌলবাদী ধ্যান-ধারণার বিরুদ্ধে সব সময় সোচ্চার মিতিল সম্পূর্ণরূপে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমতাভিত্তিক রাষ্ট্র দেখতে চেয়েছিলেন বলে বক্তাদের কথায় উঠে আসে।

সভাপতির বক্তব্যে মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, “একজন অকৃত্রিম মানবিক শক্তিসম্পন্ন মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিল, যিনি অকালে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। এই মানুষগুলোকে নিয়ে জীবিত অবস্থায় যতটুকু ভাবা দরকার, বলা দরকার, করা দরকার তা হয়তো আমরা করি না।

“পোশাক, চাকচিক্য, জীবনযাপন, আসবাবপত্র যেগুলোকে আমরা জীবনের তথাকথিত মর্যাদার প্রতীক মনে করি এগুলোর বোধ তা ভিতরে ছিল না।  এই প্রজন্মের সংকটের সাথে যদি এই বিষয়গুলোর যোগসূত্র নিয়ে লেখা যায় তাহলে তা এই সমাজের তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত ইতিবাচক হবে।”

শিরিন বানু মিতিলের ঘনিষ্ঠ সাথী এবং প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক অ্যারোমা দত্ত বলেন, “মিতিল আমার গর্ব, আমার আত্মাবিশ্বাসের অংশ। সব সময় মনে হত, যা আমি পারব না মিতিল সেটা পারবে। মিতিল বাংলাদেশের লক্ষ শহীদের অহঙ্কার।”

সভায় বক্তব্য রাখেন উইমেন ফর উইমেনের সভাপতি জাকিয়া কে হাসান, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম, মানবাধিকারকর্মী শিপা হাফিজা, আইন সালিশ কেন্দ্রের প্রতিনিধি রওশন জাহান পারভীন, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার।

শিরিন বানু মিতিলের বড় মেয়ে জয়া তাসনিম, ছেলে তাহসিমুর রহমান রহমান এবং ছোট মেয়ে তন্বী নওশিন এসেছিলেন এই আয়োজনে।

জয়া তাসনিম বলেন, “জীবনে যত কঠিন জায়গায় এসে পড়ুক না কেন মা সেখান থেকে আনন্দ নিয়ে ফিরত। বর্তমান বাংলাদেশ নিয়ে তিনি শেষ পর্যন্ত ভেঙে পড়েননি। মুক্তিযুদ্ধের গল্পে নারীকে সব সময় ‘প্যাসিভ’ দেখা যায়, এই ক্ষেত্রে আমরা মাকে বলতাম নারীর এই গল্পটা তুলে ধরা উচিৎ। তখন তিনি অনেক বীর নারী মুক্তিযোদ্ধাদের কথা বলতেন। সব সময় তাদেরকে খুঁজে বের করার কথা বলতেন তিনি।”

স্মরণ সভায় সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষ থেকে শিরিন বানু মিতিলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় কবিতা আবৃত্তি করেন বণ্যা লোহানী, সঙ্গীত পরিবেশন করেন সুরাইয়া পারভীন।