বাঘ সংরক্ষণে নেওয়া পদক্ষেপ জানতে চেয়েছে হাই কোর্ট
ইন্টারপোলের প্রতিবেদনের ভিত্তিতে সুন্দরবনের বাঘসহ বন্যপ্রাণী সংরক্ষণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
নেওয়া পদক্ষেপ জানিয়ে ১ সেপ্টেম্বর এ বিষয়ে বিবাদীদের আদালতে প্রতিবেদন দাখিল করতে বলে ওই দিন পরবর্তী শুনানির জন্য রেখেছে আদালত।
সুন্দরবনের বাঘ হত্যায় একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় বলে ইন্টারপোলের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদন বিবেচনায় নিয়ে রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি জে এন দেব চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেয়।
‘বাঘ হত্যা ও চোরাচালানে রাজনৈতিক প্রভাবশালীরা’ শিরোনামে ২৯ জুলাই একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন এ দিন আদালতে তুলে ধরেন আইনজীবী মোহাম্মদ আলী খান।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান ও সহকারী অ্যাটর্নি জেনারেল শামস-উদ-দোহা।
আইনজীবী মোহাম্মদ আলী খান পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৯ জুলাই প্রকাশিত ওই প্রতিবেদন বিবেচনায় নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন। ইন্টারপোলের ওই প্রতিবেদনে বাঘ নিধন করা হচ্ছে এবং জড়িতদের নামও এসেছে। ইন্টারপোলের ওই রিপোর্টের প্রেক্ষিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানিয়ে ১ সেপ্টেম্বর প্রতিবেদন দিতে বিবাদীদের বলা হয়েছে।”
বন ও পরিবেশ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, কোষ্টগার্ডের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষক, খুলনা-বাগেরহাট-সাতক্ষীরার জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং বিভাগীয় বন কর্মকর্তা (ইস্ট-ওয়েস্ট ওয়াইল্ড লাইফ) বিবাদী হিসেবে রাখা হয়েছে বলে জানান আইনজীবী মোহাম্মদ আলী খান।
আইনজীবী মোহাম্মদ আলী খান বলেন, স্বরাষ্ট্র সচিবকে ১ সেপ্টেম্বর ইন্টারপোলের ওই প্রতিবেদন আদালতে দাখিল করতেও বলা হয়েছে।
সুন্দরবনের কটকা অভয়ারণ্যের কাছে একটি খাল পার হচ্ছে একটি বাঘ। ছবিটি ৯ জুলাই দুপুরে তোলা। ফাইল ছবি: মুস্তাফিজ মামুন
ওই প্রতিবেদনে বলা হয়, গত জানুয়ারি মাসে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল বাংলাদেশ সরকারের কাছে সুন্দরবনের বাঘ হত্যা এবং ক্ষুদ্র অস্ত্রের সরবরাহ নিয়ে দুটি প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সুন্দরবন থেকে বাঘ হত্যা করে এর অঙ্গপ্রত্যঙ্গ ভারতে পাচার করা হয়। এই পাচারের সঙ্গে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরাও জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এই প্রতিবেদন দুটি তৈরি করতে ইন্টারপোল ২০১৪ সালের আগস্ট থেকে ২০১৫ সালের নভেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহ করেছে। মূলত বাংলাদেশ ও ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন গবেষণা প্রতিবেদন এবং স্থানীয় পর্যায়ের তথ্য থেকে তৈরি করা হয়েছে এই প্রতিবেদন। বাংলাদেশ ও ভারতের ইন্টারপোল সমন্বয়কদের কাছে প্রতিবেদন দুটি জমা দেওয়া হয়।
প্রতিবেদনের ভাষ্য, ২০০৪ সালের বাঘ শুমারি অনুযায়ী, বাংলাদেশে বাঘের সংখ্যা ছিল ৪৪০টি। সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ দ্বিতীয় বাঘ জরিপের ফলাফল প্রকাশ করে। তাতে বলা হয়, বাংলাদেশে বাঘের সংখ্যা কমে ১০৬টিতে দাঁড়িয়েছে। ইন্টারপোলের প্রতিবেদনে বাঘ হত্যা এবং ডাকাত দলগুলোকে অস্ত্র সরবরাহকারী ৩২ ব্যক্তির নাম এবং বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়।
