সব বিশ্ববিদ্যালয়ে সোমবার জঙ্গিবাদবিরোধী মানববন্ধন
গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার মাসপূর্তিতে সোমবার জঙ্গিবাদবিরোধী মানববন্ধন হবে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে।
গুলশান হামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জড়িত থাকার তথ্য প্রকাশের পর উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী সচেতনতা গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
তারই ধারাবাহিকতায় মঞ্জুরি কমিশন এই কর্মসূচি ঘোষণা করে সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে তা পালনের নির্দেশনা দিয়েছে।
সে অনুযায়ী সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত রাস্তার দুই পাশে এই কর্মসূচি পালন করা হবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সব বিশ্ববিদ্যালয়কে এই কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে বলেছে, “গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলা হয়েছে। অতপর কিশোরগঞ্জের শোলাকিয়ার ঈদের ময়দানের কাছে এর পুনরাবৃত্তি ঘটেছে।
“এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনার মাধ্যমে যাতে জাতীয় স্থিতিশীলতা বিনষ্ট করতে কোনো মহল আর কোনো অপপ্রয়াস চালাতে না পারে, সে বিষয়ে সকলের সচেতনতা একান্ত জরুরি।”
