ঢাকায় ইয়াবা বিক্রেতা ৮ জনের সাজা
ইয়াবা বিক্রির দায়ে তিনজনকে ১২ বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচজনকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
রোববার ঢাকার পরিবেশ আপিল আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন।
রায়ের সময় কারাগার থেকে দুই আসামিকে আদালতে আনা হয়। বাকিরা পলাতক বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এ আদালতের পাবলিক প্রসিকিউটর রেজাউল করিম হীরণ।
১২ বছর কারাদণ্ডে দণ্ডিতরা হলেন মোহাম্মদ আলী জিন্নাহ, রওশন আরা রুবি ও আলমগীর হোসেন। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ২ বছর করে কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
সোহেল, হামিদুল ইসলাম, আরিফুল ইসলাম, সাঈদুল হোসেন, তরিকুলকে তিন বছর করে কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা দেওয়া হয়েছে। জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে আরও তিন মাস করে কারাভোগ করতে হবে তাদের।
২০১১ সালের ২৯ অগাস্ট রাজধানীর শান্তিবাগের একটি ফ্ল্যাট থেকে ৯ হাজারটি ইয়াবা বড়ি উদ্ধার করে র্যাব। ওই ফ্ল্যাটে মোহাম্মদ আলী জিন্নাহ ভাড়া থাকতেন।
দণ্ডিতরা সবাই ইয়াবা পাচারের সংঘবদ্ধ চক্রের সদস্য বলে মামলার বাদী র্যাব-১ এর কর্মকর্তা আজিরুল ইসলাম পল্টন থানায় করা মামলায় উল্লেখ করেন।
ওই বছরের ২১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন পল্টন থানার পুলিশ পরিদর্শক গোলাম সারোয়ার।
