২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে কোনো মূল্যে জঙ্গিবাদ নির্মূল করতে হবে, ডিসিদের রাষ্ট্রপতি

সন্ত্রাস ও জঙ্গিবাদের ব্যাপারে সরকারের ‘জিরো টলারেন্সের’ নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে যে কোনো মূল্যে তা নির্মূল করার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 10:41 PM

Updated : 12 Apr 2022, 02:32 AM

বুধবার বঙ্গভবনে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০১৬’ উপলক্ষে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, “ধর্ম নিরপেক্ষতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ।

“কিছু ধর্মান্ধ, বিপথগামী ও সন্ত্রাসী এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থিতিশীলতা বিনষ্ট এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেশের মাটি থেকে যে কোনো মূল্যে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে হবে।”

যুব সমাজকে জঙ্গিবাদ থেকে দূরে রাখতে ডিসিদের প্রতি নির্দেশনাও দেন আবদুল হামিদ।

তিনি বলেন, “সন্ত্রাস ও জঙ্গিবাদ বর্তমানে বিশ্বশান্তির জন্য মারাত্মক হুমকি। সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলা দেশের জনগণকে ভাবিয়ে তুলেছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের ব্যাপারে সরকারের স্পষ্ট ও সুদৃঢ় অবস্থান হচ্ছে জিরো টলারেন্স। আপনাদেরকে এ নীতির আলোকেই সর্বাত্মক পদক্ষেপ নিতে হবে।”

দাপ্তরিক প্রয়োজনে বা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে জেলা, উপজেলা ও ইউনিয়ন সফরে যাওয়ার সময়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের কুফল এবং এর পরিণতি সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য ডিসিদের প্রতি নির্দেশনা দেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, “বিশেষ করে যুবসমাজ ও কোমলমতি ছাত্র-ছাত্রীরা যাতে এসব অপকর্ম থেকে দূরে থাকে সে ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করবেন। প্রয়োজনে এ ব্যাপারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকদের সম্পৃক্ত করবেন।”

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে মঙ্গলবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হয়। প্রথানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনের উদ্বোধন করেন। চার দিনের এই সম্মেলনে এবার ১৮টি কার্য-অধিবেশনে ৩৩৬টি প্রস্তাবের উপর আলোচনা হওয়ার কথা রয়েছে।

বঙ্গভবনের দরবার হলের অনুষ্ঠানেও রাষ্ট্রপতি আবদুল হামিদ ডিসিদের রাজনৈদিক প্রভাবমুক্ত হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “একটি সরকারের মূল ভিত্তি এর জনগণ। আর সরকারের মূল দায়িত্ব হচ্ছে জনগণের আশা-আকাঙ্খা ও স্বপ্ন বাস্তবায়নে কাজ করা। আপনাদের মাধ্যমেই সরকার জনগণের কাছে সেবা পৌঁছে দেয়।

“তাই প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনাদেরকে ব্যক্তি, গোষ্ঠী ও রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে নিরপেক্ষভাবে এবং সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে। এ ক্ষেত্রে আপসের কোনো সুযোগ নেই।”

রাষ্ট্র, জনগণ, আইন ও সংবিধানের প্রতি দায়বদ্ধতা রেখে সরকারের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় অব্যাহত প্রয়াস চালাতে হবে বলে ডিসিদের উদ্দেশে বলেন রাষ্ট্রপতি।

আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে কর্মকর্তাদের কাজ করার ওপর গুরুত্বারোপ করে আবদুল হামিদ বলেন, “সরকার প্রতিটি সেবা জনগণের কাছে সহজে পৌঁছে দিতে আগ্রহী।

“কিন্তু সেবা পাওয়ার ক্ষেত্রে নানা জটিলতা ও দীর্ঘসূত্রিতার কারণে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কে এখনও জনগণের মাঝে নেতিবাচক ধারণা কাজ করে। তাই সিদ্ধান্ত বাস্তবায়নে অহেতুক বিলম্ব পরিহার করতে হবে।”

অনাবশ্যক আমলাতান্ত্রিক জটিলতায় জনগণ যাতে হয়রানি বা ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করার কথা বলে অবৈধ ভূমি দখলদারদের বিরুদ্ধেও ডিসিদের কঠোর হওয়ারও পরামর্শ দেন আবদুল হামিদ।

“ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি ও অপরিকল্পিত নগরায়নের সুযোগে এক শ্রেণীর অসাধু লোক কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতায় সরকারি জমি অবৈধভাবে দখল করে নিয়েছে এবং নিচ্ছে।

“রেলপথ, রাজপথ, পার্ক, লেক, নদী বা খেলার মাঠ কোন কিছুই এদের অবৈধ দখল থেকে বাদ যায়নি। তাই এসব ভূমি উদ্ধারে সর্বাত্মক অভিযান পরিচালনার পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের পরিচালনায় অনুষ্ঠানে নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিনসহ অন্যরা বক্তব্য রাখেন।

পরে রাষ্ট্রপতি সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।