মহাসড়কের পাশে পশুরহাট না বসানোর নির্দেশনা কাদেরের
আসছে কোরবানির ঈদে সড়ক-মহাসড়কের পাশে কোরবানির পশুরহাট বসানো থেকে বিরত থাকতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের কার্যঅধিবেশন শেষে মন্ত্রী এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “আসন্ন কোরবানির ঈদে আমাদের বড় চ্যালেঞ্জ হলো পশুরহাট। সড়ক-মহাসড়ক কিংবা মহাসড়ক সংলগ্ন স্থানে কোরবানির পশুরহাট বসানো থেকে বিরত থাকতে হবে।
“যে কোনো অবস্থায় এসব জায়গায় পশুর হাট যেন না বসে সেবিষয়ে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে।”
এছাড়া ফিটনেসবিহীন গাড়িতে পশু পরিবহন যাত্রার শুরুতেই নিয়ন্ত্রণ করার জন্য ডিসিদের জানানো হয়েছে বলে জানান মন্ত্রী।
সারাদেশের ২২টি মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশার চলাচল বন্ধের সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করার জন্য বলা হয়েছে জানিয়ে কাদের বলেন, সড়ক-মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি, ইজিবাইকসহ সকল অননুমোদিত যানবাহন চলাচল বন্ধ রাখার জন্য তাদের সহযোগিতা চাওয়া হয়েছে।
হেলমেটবিহীন মোটরসাইকেল ও দুই জনের বেশি আরোহী চলাচল বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে আরও কঠোর হওয়ায় জন্যও জেলা প্রশাসকদের নির্দেশনা দেন ওবায়দুল কাদের।
“জাতীয় মহাসড়কসহ, আঞ্চলিক ও জেলা সড়কগুলোর উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক-মহাসড়কের জায়গা উদ্ধার করতেও জেলা প্রশাসকদের বলা হয়েছে।,” বলেন কাদের।
রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেন, “দুই হাজার ৮৭৭ কিলোমিটার রেলপথ এলাকায় অবৈধ দখলদার থেকে মুক্ত রাখতে এবং চলাচলে সহযোগিতা করে থাকেন জেলা প্রশাসকরা। তারা কথা দিয়েছেন তাদের সহযোগিতা অব্যাহত রাখবেন।”
