২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁওয়ে নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা, আহত ৪

ঢাকার খিলগাঁওয়ে এক আবাসন প্রকল্পের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা; হামলায় আহত হয়েছেন আরও চারজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 11:05 AM

Updated : 12 Apr 2022, 02:32 AM

মঙ্গলবার রাত দেড়টার দিকে খিলগাঁওয়ের মোস্তফা মাঝির মোড় এলাকার বালুর মাঠে এ ঘটনা ঘটে বলে খিলগাঁও থানার ওসি মাইনুল ইসলাম জানান।

তিনি জানান, ওই মাঠে একটি প্রকল্পের বালু ভরাটের কাজ চলছে। মাঠের এক পাশে ঘর তুলে নিরাপত্তাকর্মীরা থাকেন। সেখানেই রাতে হামলার ঘটনা ঘটে।  

“পাঁচ নিরাপত্তাকর্মীকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে ভোরের দিকে আবদুস সাত্তার নামে ৪৫ বছর বয়সী একজনের মৃত্যু হয়।”

নিহত সাত্তার খিলগাঁয়ের নাসিরাবাদের আক্কেল আলীর ছেলে। আহতদের মধ্যে মোহাম্মদ ইকবাল (৪২) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

এছাড়া আলমগীর হোসেন (৩২), গোলাম মোস্তফা (৪৫) ও কামাল (৪২) নামের বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

ওই আবাসন প্রকল্প এলাকায় বালু ফেলার কাজ করছেন শাহাবুদ্দিন মজুমদার নামের এক ঠিকাদার।

তার ব্যবসায়িক অংশীদার আবদুল খালেক জানান, একদল লোক ধারালো অস্ত্র নিয়ে তাদের নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালিয়ে তাদের কুপিয়ে আহত করে।

“গত কয়েক মাস ধরে বালু ফেলার কাজ চলছে। শুরু থেকেই নানাভাবে কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা হয়েছে। রাতে এসে মেশিনপত্র নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা পুলিশকে জানিয়েছি, থানায় জিডি করেছি, কাজ হয়নি।”

খালেকের সন্দেহ, আগে যে ঠিকাদার ওই কাজে ছিলেন, তার লোকজনই হয়ত এসব ঘটাচ্ছে।

তবে সেই ঠিকাদারের নাম পরিচয় বলতে চাননি খালেক।

এ বিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানার ওসি বলেন, “বালু ফেলানোকে কেন্দ্র করে দু্ই পক্ষের বিরোধের জেরেই এ ঘটনা বলে ধারণা করা হচ্ছে।”

তবে তিনিও আগের ঠিকাদারের নাম পরিচয় প্রকাশ করেননি।