২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কল্যাণপুরের মতো সব জঙ্গি আস্তানায় অভিযানের আহ্বান ইমরানের

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি দমনের অভিযানে সফলতার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে জঙ্গিবাদের বিরুদ্ধে সারা দেশে এরকম ‘কম্বিং অপারেশন’ চালিয়ে তাদের আস্তানা ধ্বংসের আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 01:54 AM

Updated : 20 Aug 2022, 01:18 PM

মঙ্গলবার বিকালে শাহবাগে এক বিক্ষোভ মিছিল সমাবেশে এ আহ্বান জানিয়ে তিনি বলেন, “আজকে জঙ্গিবাদী হামলার মাধ্যমে বাংলাদেশকে অকার্যকর এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার যে চেষ্টা হচ্ছে; এর বিরুদ্ধে জনগণ সোচ্চার আছে, আমরাও রাজপথে কর্মসূচি চালিয়ে যাচ্ছি।

“আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সোমবার রাতে কল্যাণপুরে যে অপারেশন চালিয়েছে, তাকে আমরা সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই।”

জঙ্গিবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাবাহী বাহিনী ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ নেওয়া চালিয়ে গেলে জনগণও তাদের পাশে থাকবে বলে মন্তব্য করেন যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা মঞ্চের এই মুখপাত্র।

“আমরা সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে চাই, যদি তারা জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে এ ধরনের পদক্ষেপ নিতে থাকে, তাহলে জনগণও তাদের পাশে থাকবে।

“জনগণও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জঙ্গিবাদ দমনে সকল প্রকার সহায়তা করবে।”

সারাদেশে যৌথভাবে ‘কম্বিং অপারেশন’ চালিয়ে জঙ্গি আস্তানাগুলো ধ্বংস করার আহ্বানও জানান তিনি।

কুখ্যাত যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর রিভিউ শুনানি বারবার পিছিয়ে কালক্ষেপণের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে গণজাগরণ মঞ্চের ব্যানারে।

সমাবেশ শেষে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিলটি শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে আবার শাহবাগে গিয়ে শেষ হয়।

সরকারের উদ্দেশে ইমরান এইচ সরকার বলেন, “এই বিক্ষোভ কর্মসূচি থেকে আমরা জানাতে চাই, মীর কাসেম আলীকে রক্ষার চেষ্টা বন্ধ করে অবিলম্বে তার রিভিউ নিষ্পত্তি করুন এবং সর্বোচ্চ শাস্তির রায় কার্যকর করুন।

“যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মামলার রিভিউ শুনানির তারিখ বার বার নির্ধারণ করা হচ্ছে এবং বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। মীর কাসেম আলীর এমন কি খুঁটির জোর রয়েছে যে দুদিনের শুনানি চারমাসেও নিষ্পত্তি করা যায় না, সেটি আমাদের কাছে বোধগম্য নয়।”

মীর কাসেম আলীর মতো যুদ্ধাপরাধীরা তাদের অঢেল সম্পদ রাষ্ট্রবিরোধী কাজে ব্যবহার করছে দাবি করে ইমরান বলেন, “আজকে যে জঙ্গিবাদী তৎপরতা, তার পেছনে যে মীর কাসেম আলীদের অর্থের প্রভাব নেই… তাও কিন্তু নিশ্চিত নয়।”

“সরকারের কাছে আমরা আহ্বান জানাব, যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর রায় কার্যকর করা নিয়ে যে তালবাহানা শুরু হয়েছে, সেটি বন্ধ করুন। কেননা, যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করে কারও পরিণতি আজ পর্যন্ত শুভ হয়নি।”

অর্থবিত্তের বিনিময়ে মীর কাসেম আলীকে ষড়যন্ত্র করে রক্ষার চেষ্টা করা হলে তার দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য গণজাগরণ মঞ্চ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দেন মুখপাত্র ইমরান।