‘সাংসদদের চাপে’ হয় শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন: নাহিদ
প্রয়োজনের তুলনায় বেশি কলেজ থাকার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সংসদ সদস্যদের ‘চাপের’ কারণে নতুন শিক্ষা প্রতিষ্ঠান অনুমোদন দিতে হয়।
মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তরে তিনি বলেন, এবার যারা এসএসসি পাশ করেছে তারা সবাই ভর্তি হওয়ার পরেও সারা দেশে সাত লাখ আসন ফাঁকা আছে।
“বোঝেন তাহলে কী পরিমাণ কলেজ আমরা খুলেছি। ৪৮টি প্রতিষ্ঠানে একজন ছাত্রও ভর্তির আবেদন করেনি। ৭০০ প্রতিষ্ঠানে ১-২ জন করে আবেদন করেছে।”
এরপরেও নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান অনুমোদন দেওয়ার কারণ ব্যাখ্যায় তিনি বলেন, “সংসদ সদস্যরা অনুরোধ করেন বলে আমাদের নতুন শিক্ষা প্রতিষ্ঠান অনুমোদন দিতে হয়। সংসদ সদস্যদের চাপে নতুন শিক্ষা প্রতিষ্ঠান করার অনুমতি দিতে হয়।
“আমরা সেই সময় বলে দেই অনুমতি দিচ্ছি, তবে বেতন দিতে পারব না। যদিও আমরা নৈতিকভাবে বেতন দিতে বাধ্য “
শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি এবং শিক্ষকদের বেতন দেওয়ার বিষয়টি সমন্বয় করতে নতুন আইন করা হবে বলে জানান মন্ত্রী।
আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আগামী বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ সাপেক্ষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার বিষয়টি বিবেচনা করবেন তারা।
প্রশ্নোত্তরে শিক্ষামন্ত্রী জানান, কারিগরি শিক্ষার প্রসারে সরকার প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে ১০০টি উপজেলায় বিদ্যালয় স্থাপনের কাজ শুরু হয়েছে।
ফাইল ছবি
কোনো এনজিও রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, তা সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর কাছে জানতে চান এক সাংসদ।
জবাবে প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, “মাত্র এক মাস হয়েছে আমি দায়িত্ব নিয়েছি। সকল কর্মকাণ্ড সম্পর্কে এখনো অবহিত হইনি। তদন্ত করে দেখব। কেউ রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকলে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু রাষ্ট্রবিরোধী নয়, সরকারবিরোধী কর্মকাণ্ডেও যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
