২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন সাবিনা ইয়াসমিন

নজরুল সঙ্গীতে অবদানের জন্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার ২০১৬’ প্রদান করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2016, 08:26 PM

Updated : 20 Aug 2022, 01:17 PM

আগামী বৃহস্পতিবার শিল্পীর হাতে এ পদক তুলে দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে মঙ্গলবার বিকালে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিনের হাতের এ পুরস্কার তুলে দেবেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

এ বছর প্রথম বারের মতো দেশে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য তাকে এ স্বর্ণপদক প্রদান করা হচ্ছে।

স্বর্ণপদকের সাথে সাবিনা ইয়াসমিনকে দেওয়া হবে এক লাখ টাকার চেক। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের এ ট্রাস্ট ফান্ড থেকে প্রতিবছর সংগীত বিভাগে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীকে স্বর্ণপদক ও নগদ বিশ হাজার টাকার চেক দেওয়া হবে।

সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বেগম আকতার কামাল, এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ট্রাস্ট ফান্ডের দাতা এম আনিস উদ দৌলা, সংগীত বিভাগের চেয়ারপার্সন ড. মহসিনা আক্তার খানম (লীনা তাপসী) সহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম ১৯৩০ সালের ২৮ জুলাই গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এবং ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর ঢাকায় ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেন।