২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক সন্তোষ মণ্ডলকে সহকর্মীদের স্মরণ

প্রয়াত সাংবাদিক সন্তোষ কুমার মণ্ডল স্মরণে সভা করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্রাব)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2016, 01:48 AM

Updated : 20 Aug 2022, 01:16 PM

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই স্মরণ সভা হয়।

ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) সাবেক কার্যনির্বাহী সদস্য চ্যানেল আইয়ের সাবেক প্রধান প্রতিবেদক ও রাইজিং বিডি ডটকমের সাবেক নির্বাহী সম্পাদক সন্তোষ কুমার মণ্ডল গত ২০ জুন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মারা যান।

তার স্মরণ সভায় ক্রাব সভাপতি আখতারুজ্জামান লাভলু বলেন, “সবার সঙ্গে সুসম্পর্ক রেখে আমৃত্যু পেশাদারিত্বের চর্চা করে গেছেন সাংবাদিক সন্তোষ মণ্ডল। তার সঙ্গে কারও কোনোদিন খারাপ সম্পর্ক ছিল না। অত্যন্ত সরল ও ভালো মানুষ হিসেবে তাকে পেয়েছি।”

ক্রাব সাধারণ সম্পাদক মাহবুবুল আলম লাভলু বলেন, “অনেক কষ্ট নিয়ে দুঃখ নিয়ে একটু ভাল থাকার প্রত্যয়ে সন্তোষ মণ্ডল দেশ থেকে আমেরিকা গিয়েছিলেন। সেই স্বপ্ন তার পূরণ হলো না।”

অপরাধ বিষয়ক প্রতিবেদক শাকির আহমেদ বলেন, “অত্যন্ত প্রাণখোলা মানুষ ছিলেন সন্তোষ মণ্ডল। তাকে সব সময় শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করা হবে।”

সন্তোষ মণ্ডলকে সাংবাদিক হিসেবে ‘সৎ, দক্ষ ও নিবেদিত প্রাণ’ হিসেবে অভিহিত করেন দৈনিক সংবাদের সাবেক প্রধান অপরাধ বিষয়ক প্রতিবেদক বশির আহমেদ।

 “সন্তোষ মন্ডলের কর্মজীবনের শুরুতেই তার সঙ্গে পরিচয় হয়েছিল। আমার একবার হার্ট এ্যাটাক হবার পর সে সব সময় আমার পাশে থেকেছে। আমি তার কাছে আজীবন ঋণী হয়ে থাকলাম।

“সন্তোষ সাংবাদিক হিসেবে একজন সৎ, দক্ষ ও নিবেদিত প্রাণ ছিলেন।”

সাংবাদিক সন্তোষ মণ্ডলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বশির।

সভায় ডিআরইউ সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, “সাংবাদিকতায় আসার সময় সন্তোষ মণ্ডলকে বেশ রাগী মনে হলেও পরবর্তীতে ধারণা পাল্টে যায়। একজন ভাল মানুষ হিসেবে তাকে চিনতাম, জানতাম।”