‘আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার’ প্রদান শনিবার
দেশের প্রথম প্রজন্মের চিত্রকর, শিল্প শিক্ষক এবং একুশে পদকজয়ী আমিনুল ইসলামের স্মরণে প্রবর্তিত ‘আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার-২০১৫’ পেতে যাচ্ছেন দুজন তরুণ শিল্পী।
শনিবার রাজধানীতে একটি অনুষ্ঠানে এই পদক প্রদানের পাশাপাশি এই পদকের জন্য মনোনীত শিল্পীদের নির্বাচিত শিল্পকর্ম নিয়ে ওপেন স্টুডিও উদ্বোধন করা হবে।
দ্বিবার্ষিক ভিত্তিতে চারুকলার ক্ষেত্রে অবদানের জন্য দুই তরুণ শিল্পীকে সমমানের ‘আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার’ প্রদান করা হয়। এই পুরস্কারের প্রতিটির মূল্য এক লাখ টাকা। ২০১৩ সাল থেকে প্রবর্তিত হয় এই পুরস্কারটি।
‘আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার’-এর জন্য আবেদনপত্র আহ্বান, বাছাই, প্রদর্শনী আয়োজন এবং পুরস্কার প্রদানসহ অন্যান্য আয়োজনের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বেঙ্গল ফাউন্ডেশন।
বেঙ্গল ফাউন্ডেশনের ঊর্ধ্বতন ব্যবস্থাপক সারোয়ার জাহান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৫ সালের পুরস্কারের জন্য আবেদনপত্র গ্রহণের সময়সীমা চলতি বছর ৩১ মার্চ শেষ হয়। প্রাথমিক যাচাই বাছাইয়ের পর জমা পড়া আবেদনপত্রগুলো থেকে চূড়ান্ত পর্যায়ের জন্য ১০ জন শিল্পী নির্বাচিত করা হয়।
চূড়ান্ত তালিকায় থাকা শিল্পীরা হলেন- আলী আসগর (পারফরম্যান্স), মুহাম্মদ রফিকুল ইসলাম শুভ (আলোকচিত্র, চিত্রকলা, ড্রয়িং, ভিডিও আর্ট), পলাশ বরণ বিশ্বাস (ছাপচিত্র), পলাশ ভট্টাচার্য (ভিডিও স্থাপনাকর্ম), রাজীব দত্ত (চিত্রকলা, ডিজিটাল কোলাজ), রুপম রায় (স্থাপনাকর্ম), সালমা আবেদিন পৃথী (আলোকচিত্র), শামসুল আলম হেলাল (আলোকচিত্র), শাহনাজ জেরিন সাত্তার (পারফরম্যান্স), জিহান করিম (ভিডিও আর্ট)।
সারোয়ার জাহান চৌধুরী বলেন, “আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার- এর দ্বিতীয় আবর্তনের চূড়ান্ত বিবেচনায় থাকা শিল্পীদের মাধ্যম ব্যবহারে স্বতঃস্ফূর্ততা, সাহসিকতা ও সাবলীলতা বিশেষভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে, যদিও তা শিল্পভাষার প্রধান নিয়ামক হয়ে যায়নি।”
যান্ত্রিক নাগরিক জীবনের নিরন্তর হতাশা, সামাজিক বৈষম্য আর অসঙ্গতির বল্গাহীন সংস্কৃতি, মানব সম্পর্কের জটিল রসায়নের আদ্যোপান্ত-এসব শিল্পীদের কাজের বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে বলে জানান তিনি।
“কখনও হাস্যরস, কখনও ব্যঙ্গ, কখনওবা প্রহেলিকার রূপককে আশ্রয় করে তারা তাদের শিল্পভাষা নির্মাণে সচেষ্ট হয়েছেন। কেউ কেউ ঐতিহ্যগত শিল্পচর্চাকে ধারণাগত চর্চার মাধ্যমে প্রতিস্থাপন করেছেন।”
তিনি বলেন, “অভিজ্ঞতালব্ধ স্থানীয় জ্ঞান, আন্তর্জাতিক আলোচনার বিনিময় ও মেলবন্ধন, শিল্পচিন্তার বিশ্লেষণধর্মী প্রয়োগ, শিল্পকে জ্ঞান অন্বেষণের উৎসে পরিণত করার প্রয়াস- প্রযুক্তি যুগে এই দশ শিল্পীর বৈচিত্র্যময় শিল্পচর্চা ও তাদের স্বতন্ত্র মেধাকে আমাদের সামনে দৃশ্যমান করে।”
১৯৩১ সালের ৭ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করা শিল্পী আমিনুল ইসলাম পঞ্চাশের দশকে সৃজন-উৎকর্ষে আধুনিকতার পথ নির্মাণে অগ্রনায়কের ভূমিকায় অবতীর্ণ হন। চিত্রবিদ্যাচর্চায় ও আধুনিকতার জিজ্ঞাসায় প্রথা ভেঙে অগ্রসর হয়ে সম্ভাবনাময় চিত্রশিল্পের বৃহত্তর পথ নির্মাণ করেছেন তিনি, উৎসাহ জুগিয়েছেন সৃষ্টির নানা অনুষঙ্গকে।
ঢাকা আর্ট ইনস্টিটিউটের শিক্ষকতার পাশাপাশি চিত্রকর্মে অনন্য অবদানের জন্য ১৯৮১ সালে পেয়েছেন একুশে পদক। এছাড়াও ১৯৬৬ সালে পঞ্চম তেহরান বিয়েনালে ‘গ্র্যান্ড ইম্পিরিয়াল প্রাইজ’, ১৯৮৮ সালে ‘স্বাধীনতা দিবস পুরস্কার’ও পেয়েছেন তিনি।
২০১১ সালের ৮ জুলাই মারা যান প্রথিতযশা এই চিত্রকর।
