২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুজবে কান দেবেন না: ডিএমপি কমিশনার

জঙ্গি হামলার গুজব সৃষ্টিকে ‘ফৌজদারি অপরাধ’ উল্লেখ করে তাতে কান না দেওয়ার জন্য জনসাধারণকে পরামর্শ দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2016, 05:17 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “আমি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, একটি কুচক্রী মহল অসৎ উদ্দেশ্যে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট গুজব ছড়িয়ে জনগণের মনে ভীতি এবং আতঙ্ক তৈরি করছে। কখনো বলছে অমুক তারিখে হামলা হবে, কখনো বলছে ৪৮ ঘণ্টার মধ্যে জঙ্গি হামলা হবে, কখনো বলছে ৭২ ঘণ্টার মধ্যে জঙ্গি হামলা হবে। স্কুলে জঙ্গি হামলা হবে, রেস্টুরেন্টে জঙ্গি হামলা হবে, হোটেলে-মার্কেটে জঙ্গি হামলা হবে, শপিংমলে জঙ্গি হামলা হবে।

“এই ধরনের গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা একটি ফৌজদারি অপরাধ। আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, এই ধরনের মিথ্যা গুজবে কেউ কান দেবেন না।”

গত ১ জুলাই গুলশানে জঙ্গি হামলার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও টুইটারের একাধিক অ্যাকাউন্ট থেকে রাজধানীর শপিংমল ও বিনোদন কেন্দ্রগুলোতে জঙ্গি হামলার গুজব আসতে থাকে।

এর মধ্যেই গুলশানে হামলার পরের সপ্তাহে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনা ঘটে।

আছাদুজ্জামান বলেন, “এই ধরনের গুজব রটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করে যারা দেশকে অশান্ত করতে চায়, দেশের দৃশ্যমান উন্নয়নকে ব্যাহত করতে চায়, তারা প্রকৃত অর্থে জঙ্গিদেরই পৃষ্ঠপোষক, জঙ্গিদেরই সমর্থক। তাদের বিরুদ্ধে আমরা দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহনের জন্য তৎপর রয়েছি।”

জঙ্গি হামলা ঠেকাতে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়ে মানুষকে তাদের দৈনন্দিন কাজ করার আহ্বান জানান ডিএমপি কমিশনার।

জঙ্গি হামলার গুজব বিষয়ক যে কোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীকে জানানোর জন্য অনুরোধও করেন তিনি।

আছাদুজ্জামান মিয়া বলেন, “যারা আতঙ্ক ছড়াচ্ছে, দেশকে অশান্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা  নেওয়া হবে। যদি এ ধরনের কোনো তথ্য পান, সরল বিশ্বাসে কারো সঙ্গে শেয়ার না করে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। আমরা সেই ব্যাপারে ব্যস্থা গ্রহণ করব।”

‘দেশে কোনো ধরনের কোনো নিরাপত্তা ঝুঁকি নেই’ বলেও মন্তব্য করেন তিনি।

“পুলিশ আপনাদের পাশে আছে। আপনাদের সার্বিক নিরাপত্তা বিধানের জন্যে আমরা আমাদের সর্বোচ্চ সাধ্যমত কাজ করে যাচ্ছি।”