বিচারককে প্রভাবিত করে খালাস পেয়েছিলেন তারেক: আইনমন্ত্রী
মুদ্রা পাচার মামলায় বিচারককে ‘প্রভাবিত করে’ বিএনপি নেতা তারেক রহমান নিম্ন আদালতে খালাস পেয়েছিলেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার হাই কোর্টের রায়ে তারেকের খালাসের রায় বাতিল করে সাজা হওয়ার পর এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, “ওই রায়ের দু’দিন পর পরিবার-পরিজন নিয়ে জজ সাহেব মালয়েশিয়ায় পালিয়ে যান। আসার অনুরোধ করার পরেও, এমনকি চাকরি থেকে নোটিস দেওয়ার পরও আজ পর্যন্ত ফিরে আসেননি।”
ঘুষ হিসেবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে করা এ মামলার রায়ে ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেককে বেকসুর খালাস দিয়েছিলেন। আর গিয়াসউদ্দিন আল মামুনকে দেওয়া হয়েছিল সাত বছর কারাদণ্ড এবং ৪০ কোটি টাকা জরিমানা।
খালাসের সেই রায় বাতিল করে বৃহস্পতিবার হাই কোর্ট বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেককে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকার অর্থদণ্ড দেয়। পাশাপাশি মামুনের কারাদণ্ড বহাল রাখা হয়।
এ মামলায় নিম্ন আদালতে দুদকের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারেক-মামুনের মামলার রায় দেওয়ার পরদিন বিচারক মোতাহার হোসেন পাঁচ দিনের ছুটির আবেদন করেন। এর দেড় মাসের মাথায় ২০১৪ সালের ১ জানুয়ারি তিনি অবসরে যান।
মোতাহার হোসেন বিচারকের পদ থেকে অবসরে যাওয়ার এক মাসের মাথায় তার ‘অবৈধ সম্পদের’ খোঁজে অনুসন্ধান শুরু করে দুদক। ২০১৪ সালের জানুয়ারিতে আদালতের দুই স্টেনোগ্রাফারকে দুদকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অবসরপ্রাপ্ত সেই বিচারকের গাড়ি চালক ও দেহরক্ষীকেও তলব করে দুদক।
নিম্ন আদালতের সেই রায় প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার বলেন, “আমি এ কথা এই রায়ের (হাই কোর্টের) আগে কোনোদিন মুখ থেকে বের করিনি। আজকে বলছি, কারণ উচ্চ আদালতে এটা প্রমাণিত হয়েছে, তিনি যে রায় দিয়েছিলেন সেটা ঠিক ছিল না।”
বিভিন্ন মামলা মাথায় নিয়ে ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন কি-না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, “লন্ডনে বসে আপিল হবে না। আমরা যদি উনাকে ধরে আনতে পারি, অথবা তিনি যদি এসে আত্মসমর্পণ করেন, তাহলে আপিল করতে পারবেন।”
‘ধরে আনা’ হলে পরে আপিলের সুযোগ থাকবে কি-না সেই প্রশ্নে তিনি বলেন, “আমরা যে আপিলের সুযোগ দেই, সেটা বঙ্গবন্ধু হত্যা মামলায় এক আসামির ক্ষেত্রে দেখেছি। আমেরিকা থেকে এক আসামিকে ফিরিয়ে এনে তাকে আপিলের সুযোগ দেওয়া হয়েছিল।”
যুক্তরাজ্য থেকে তারেক রহমানকে ফিরিয়ে আনার সুযোগ কতটা জানতে চাইলে আনিসুল হক বলেন, “তারেক রহমানের এতোদিনে কোনো মামলায় সাজা ছিল না। এ কারণে এতোদিন সেভাবে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়নি। এখন করা হবে।”
তবে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বন্দিবিনিময় চুক্তি নেই জানিয়ে মন্ত্রী বলেন, “ইন্টারপোলের মাধ্যমে গেলে ফিরিয়ে আনতে পারার সম্ভাবনা আছে। চুক্তি করেও যদি আনতে হয়, তাহলে আমরা আলাপ-আলোচনার মাধ্যমে চুক্তি করার চেষ্টা করব।”
তারেক রহমানকে দেশে এনে সাজা খাটাতে সব আইনি প্রক্রিয়াই সরকার গ্রহণ করবে বলে জানান তিনি।
“দুদককে অনুরোধ করব, এই রায় কার্যকর করতে রায়ের অনুলিপি পেতে যেন তারা দরখাস্ত করেন। এবং সেই দরখাস্ত যেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দরখাস্ত পেলে তাকে বিদেশ থেকে ধরে আনার ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মন্ত্রী বলেন, নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়ে এ মামলা লড়ার সুযোগ থাকলেও তারেক তা নেননি, কারণ তিনি দোষী।
“জামিন পেয়ে এ মামলায় কনটেস্ট করে নির্দোষ প্রমাণ করতে পারতেন। তিনি কিছুই করেন নাই। তার মানে এটা অত্যন্ত পরিষ্কার, তার বিরুদ্ধে যে অভিযোগ- সেটা ঠিক।”
