জাতিসংঘ শান্তি মিশনে অংশগ্রহণ বাড়াতে আসছে কৌশলপত্র
জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও বাড়াতে খসড়া জাতীয় কৌশলপত্র তৈরি করা হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলনে, “জাতিসংঘ শান্তিরক্ষা কাযক্রমে বাংলাদেশের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, পুলিশ ও সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়/বিভাগের সমন্বয়ে ইতোমধ্যে একটি খসড়া জাতীয় কৌশলপত্র তৈরি করা হয়েছে।”
খসড়া কৌশলপত্রটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে জানিয়ে তিনি বলেন, “কৌশলপত্র বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সমন্বয় কমিটি থাকবে।”
কৌশলপত্রটি অনুমোদিত হওয়ার পর ‘যথাযথ প্রয়োগের’ মাধ্যমে শান্তিরক্ষী মিশনে বাংলাদশের আরও সুযোগ বৃদ্ধির সম্ভাবনা উন্মোচিত হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী জানান, এ পর্যন্ত ৪০টি দেশের ৫৫টি মিশনে সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার-ভিডিপি এক লাখ ৪৫ হাজার ২২৯ জন সদস্য অংশগ্রহণ করেছে।
বর্তমানে পুলিশের এক হাজার ১২৭ জন ও সশস্ত্র বাহিনীর সাত হাজার ৩৫০ জন শান্তিরক্ষী মোতায়নে রয়েছে বলে জানান তিনি।
এ পর্যন্ত এক হাজার ২১৯ জন নারী সদস্য শান্তি মিশনে অংশ নিয়েছে এবং ১৯৮ জন বর্তমানে মোতায়েন রয়েছে।
