২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় সিপিএ সম্মেলন নিয়ে অনিশ্চয়তা

সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষাপটে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬২তম সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সাজিদুল হক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2016, 09:11 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

আগামী ১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় সিপিএ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

তার আগে গুলশান ও শোলাকিয়ায় হামলার ঘটনায় সিপিএভুক্ত কয়েকটি দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ সফরে সতর্কতা জারি করায় অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তবে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলছেন, সংশয় দেখা দিলেও ঢাকায় এই সম্মেলন না হওয়ার কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে ১৭ বিদেশিকে হত্যার পর বিদেশিদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এর ছয় দিনের মাথায় শোলাকিয়ায় পুলিশের উপর হামলা হয়।

Image
.

.

তারপর দুটি আন্তর্জাতিক সভা ঢাকা থেকে সরিয়ে নেওয়া হয়। সিপিএ সম্মেলন আয়োজনের প্রস্তুতি বাংলাদেশ শেষ করলেও এখন তা নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জঙ্গি হামলার পর সিপিএ সদর দপ্তর থেকে ঢাকায় সম্মেলন আয়োজন নিয়ে সংগঠনটির সেক্রেটারি জেনারেল আকবর খান ই-মেইল পাঠান।

“সেখানে জানানো হয়েছে, সিপিএভুক্ত নয়টি অঞ্চলের মধ্যে পাঁচটি অঞ্চলের কিছু শাখা নিরাপত্তার প্রশ্ন তুলে বাংলাদেশে ভ্রমণের বিষয়ে সেসব দেশের নাগরিকদের সতর্ক করেছে। যে কারণে সেসব দেশের আইন প্রণেতারা বাংলাদেশ সফরে আসবেন না।”

অস্ট্রেলিয়া, বৃটিশ আইল্যান্ডস অ্যান্ড মেডিটেরিয়ান (বিআইএম), কানাডা, ক্যারিবিয়ান, আমেরিকা ও আটলান্টিক এই পাঁচটি অঞ্চলের বেশ কিছু দেশ বাংলাদেশ ভ্রমণের সতর্কতা জারি করেছে।

এ পরিস্থিতিতে ঢাকায় সম্মেলন করা ঠিক হবে কি না- তা নিয়ে প্রশ্ন দেখা দিলেও সম্মেলন বাতিলের বিষয়ে সিপিএ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সিপিএর নির্বাহী কমিটির চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী।

Image
শিরীন শারমিন চৌধুরী (ফাইল ছবি)

শিরীন শারমিন চৌধুরী (ফাইল ছবি)

“এ পরিস্থিতিতে ঢাকায় সিপিএ সম্মেলন হলে সদস্যদের উপস্থিতির সংখ্যা কমে যাবে। এই বিবেচনায় ঢাকায় সম্মেলন করা ঠিক হবে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।”

“ঢাকা থেকে সরে যায়, সেক্ষেত্রে কোথায় হবে সেটা সিপিএর নির্বাহী কমিটি সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ সম্মেলন করার বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত আছে। এ বছর বাংলাদেশে না হলে ২০১৭ সালের সম্মেলন ঢাকায় হবে,” বলেন তিনি।

স্পিকার জানান, খুব শিগগিরই সিপিএ সদর দপ্তর থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে।

১০ দিনব্যাপী এবারের সম্মেলনে সিপিএভুক্ত দেশগুলোর ছয় শতাধিক আইন প্রণেতার নেওয়ার কথা রয়েছে। কমনওয়েলথভুক্ত ১৮০টি পার্লামেন্টের ১৭ হাজার আইন প্রণেতা সিপিএর সদস্য।

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর অ্যাপনিক-৪২ সম্মেলন এবং দ্য এশিয়া প্যাসিফিক মানি লন্ডারিং গ্রুপের (এপিজিএমএল)সভা ঢাকা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত আসে।

পুরনো খবর:

সিপিএ’র ৬২তম সম্মেলন হচ্ছে ঢাকায়
জঙ্গি হামলা: বাংলাদেশ থেকে সরলো দুটি আন্তর্জাতিক সভা