তদন্তে বিশেষ টিম, শেকড় পর্যন্ত ধরা হবে: প্রধানমন্ত্রী
জঙ্গি হামলা তদন্তে সব বাহিনীর সমন্বয়ে ‘বিশেষ টিম’ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু দু-একজন আসামি ধরে নয়, এর শেকড় পর্যন্ত ধরা হবে।
গুলশান ও শোলাকিয়া হামলার পর এখন সারা দেশে জঙ্গিবিরোধী ‘কম্বিং অপারেশন’ চলছে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সংসদে গুলশান, শোলাকিয়া, সৌদি আরবের মদিনা, ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলা এবং বিশ্বব্যাপী সংঘটিত জঙ্গি হামলার ঘটনায় নিন্দা প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব বলেন প্রধানমন্ত্রী।
তার বক্তব্যের পর নিন্দা প্রস্তাবটি সর্বসম্মতক্রমে সংসদে গৃহীত হয়।
সাম্প্রতিক দুই জঙ্গি হামলা নিয়ে শেখ হাসিনা বলেন, “এই ঘটনাকে আমরা অত সহজভাবে নিইনি। আমি এই ঘটনার জন্য একটা বিশেষ তদন্ত টিম করে দিয়েছি। প্রায় সকল বাহিনীকে নিয়ে এই বিশেষ টিম করে দেওয়া হয়েছে।”
গুলশানের ক্যাফেতে ছয় হামলাকারী নিহত হয়েছিলেন জানিয়ে তিনি বলেন, “কিন্তু এদের সাথী আরও ছিল। ওই অঞ্চলের সমস্ত ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি। আজকেও আমি কয়েকটি ভিডিও ফুটেজ দেখেছি। আমরা এদের ওখানে গতিবিধি পর্যবেক্ষণ করছি।
“... ইতোমধ্যে আমরা অনেক তথ্য পেয়েছি। তবে তদন্তের স্বার্থে সব প্রকাশ করা সম্ভব হচ্ছে না।”
জঙ্গিদের মূলোৎপাটনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এদের নিশ্চিহ্ন আমাদের করতে হবে। এরা কোথা থেকে মদদ পাচ্ছে, কোথা থেকে এদের অর্থ ও অস্ত্র আসছে, এদের পরামর্শ কারা দিচ্ছে- সব কিছু আমরা খুঁজে বের করার পদক্ষেপ নিচ্ছি।
“এমন নয় দুই-একজন আসামি ধরলাম, আর কর্তব্য শেষ হল তা নয়। একেবারে শেকড় পর্যন্ত আমাদের পৌঁছাতে হবে। আমরা সেই লক্ষ্যে পদক্ষেপ নিয়েছি। ইনশাল্লাহ, আমরা সেটা করতে পারব।”
এরইমধ্যে দেশব্যাপী জঙ্গিবিরোধী অভিযান শুরু হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পর তার সূত্র ধরে এখন সারা দেশে কম্বিং অপারেশন চলছে। বিভিন্ন এলাকায় এলাকায়, এমনকি দূর্গম চর এলাকায় অপারেশন চলছে।
“আমরা যে কোনোভাবেই হোক এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে, এদের দমন ও বিচার আমরা করতে সক্ষম হব।”
জঙ্গিবাদের বিরুদ্ধে জনচসেতনতা তৈরিতে সংসদ সদস্যদের নিজের নিজের এলাকায় যাওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে উপজেলা, জেলা পর্যায়ে সন্ত্রাসবিরোধী কমিটি করে জনমত সৃষ্টি করা, সচেতন করার পদক্ষেপ আমরা নিয়েছি। এতে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি।”
‘সারারাত জেগে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী’
১ জুলাই গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে হামলার পর প্রধানমন্ত্রী সারা রাত জেগে সেখানে অভিযান পরিচালনার দিক-নির্দেশনা দিয়েছিলেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আসাদুজ্জামান কামাল (ফাইল ছবি)
“সারা শহর প্রস্তুত ছিল, যার কারণে তিন মিনিটের মধ্যে নিরাপত্তা বাহিনী চলে আসে। এসআই ফারুক সেখানে প্রথমে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হয়েও কিন্তু তিনি অবস্থান ছাড়েননি। তখন তিনি আমাদের মেট্রোপলিটন পুলিশকে আহ্বান করেন।”
তার আহ্বানে গুলশান থানার ওসি সালাউদ্দিন ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলামসহ অন্যরা সেখানে যান।
“সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনারও সেখানে উপস্থিত হন। তাদের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা যখন হত্যাকাণ্ড চালিয়ে বের হতে পারল না, তখন তাদের ওপর গ্রেনেড ছুড়ে আক্রমণ করল। সেই আক্রমণে আমাদের ওসি সালাউদ্দিন ও এসি রবিউল শাহাদাৎ বরণ করেন।”
সে সময় একজন আনসারসহ ৩৭ জন পুলিশ এবং সেনাবাহিনীর সাবেক এক সৈনিক আহত হয়েছিলেন বলে জানান মন্ত্রী।
“তবে সেখান থেকে আমাদের বীর পুলিশ বাহিনী একটুও পিছুপা হননি। তারা ওই এলাকাটি ঘিরে রাখেন। আমাদের র্যাব, ডিএমপি, ফায়ার সার্ভিস সবাই ওখানে ছিলেন।।এর পরপরই প্রধানমন্ত্রীর নির্দেশনায় নেভির একটি কমান্ডো বাহিনী সেখানে যায়, সেখানে আর্মির কমান্ডো বাহিনী গিয়েও অবস্থান নেয়।
“প্রধানমন্ত্রী সেদিন সারারাত জেগে থেকে এই অপারেশন পরিচালনা করেন এবং দিক নির্দেশনা দেন।”
সব জঙ্গি একই সুতায় গাঁথা মন্তব্য করে আসাদুজ্জামান কামাল বলেন, “একই নেতার নির্দেশে তারা কাজ করে যাচ্ছে। হাতের রগ কাটা থেকে যে জঙ্গি শুরু হয়েছিল, তাদেরকেই পরে দেখলাম হুজি, জেএমবি এবং পরে আরও অন্য নামে আত্মপ্রকাশ দেখলাম।
“সবগুলি একই মতাদর্শের লোক। বিভিন্ন নামে আত্মপ্রকাশের মাধ্যমে দেশকে অকার্যকর করার চেষ্টা চালাচ্ছে। আনসারুল্লাহ, জেএমবি সবই স্বাধীনতাবিরোধী জামাত-শিবিরের ভাবাদর্শের সৈনিক।”
