২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্ডিওলজিস্ট আখতারুজ্জামান মারা গেছেন

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক পরিচালক কার্ডিওলিস্ট অধ্যাপক এম আখতারুজ্জামান মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2016, 10:32 PM

Updated : 20 Aug 2022, 01:14 PM

বার্ধক্যজনিত জটিলতায় ভোগে রাজধানীর মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে এক বিবৃবিতে জানিয়েছে তার পরিবার।

মৃত্যুকালে অধ্যাপক জামানের বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে ও নাতি-নাতনিসহ স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক এই পরিচালকে রায়ের বাজার বুদ্ধিজীবী গোরস্থানে সমাহিত করা হয়েছে।

আগামী শুক্রবার ৯/এ, ধানমন্ডির বাসায় মরহুমের কুলখানি হবে।

১৯৪২ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম নেওয়া অধ্যাপক জামান যুক্তরাজ্যের রয়াল কলেজ ফিজিশিয়ানস থেকে এমআরসিপি ডিগ্রি অর্জন করেন।

১৯৬৫ থেকে ১৯৭০ সাল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী সার্জন হিসেবে কাজ করেন তিনি।

দীর্ঘ কর্মময় জীবনে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ মেডিকেল কলেজে কার্ডিওলজির অধ্যাপক হিসেবে কাজ করেছেন কার্ডিওলজিস্ট জামান।

এছাড়া তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আজীবন সদস্য।

চিকিৎসা বিজ্ঞানে অবদানের জন্য তিনি ২০০৩ সালে অতীশ দীপঙ্কর স্কলার অ্যাওয়ার্ড এবং ২০০৪ সালে দেশবন্ধু সি আর দাস গোল্ড মেডাল অ্যাওয়ার্ড পান।