২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব কল্যাণ তহবিল বিল সংসদে পাস

সামরিক শাসনামলে জারি করা ‘ইয়ুথ ওয়েলফেয়ার ফান্ড’ অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করার প্রস্তাব সংসদে পাস হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2016, 07:10 PM

Updated : 20 Aug 2022, 01:14 PM

মঙ্গলবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ‘যুব কল্যাণ তহবিল বিল-২০১৬’ বিলটি সংসদের পাসের প্রস্তাব করেন। পরে সেটি কণ্ঠভোটে পাস হয়।

গত ২৩ ফেব্রুয়ারি বিলটি সংসদে তোলার পর পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

উচ্চ আদালত সংবিধানের সপ্তম সংশোধনী বাতিল করায় সামরিক আমলের জারি করা অধ্যাদেশগুলোও বাতিল হয়। ওই আইনগুলোর কার্যকারিতা রক্ষা করতে পরে নতুন আইন করার উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী বীরেন বলেন, “যেহেতু যুব কল্যাণ তহবিল হইতে অনুদানপ্রাপ্ত যুব সংগঠনসমূহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করিয়া যুবকদের বেকার সমস্যা নিরসনপূর্বক তাহাদের প্রতিষ্ঠার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখিয়া যাইতেছে; সেহেতু যুব সংগঠনের কার্যক্রম বৃদ্ধি, বেকার যুবগোষ্ঠীকে আত্মকর্মী হিসাবে গড়িয়া তোলার ক্ষেত্রে লক্ষ্যে উহাদের কার্যক্রমে পৃষ্ঠপোষকতা দান ও সার্বিক উন্নয়নের মূলধারায় যুবকদের অধিকতর সম্পৃক্ত করিবার উদ্দেশ্যে নূতনভাবে আইন প্রণয়নের প্রয়োজনীয়তা রহিয়াছে।”

বিলে যুব কল্যাণ তহবিল ব্যবস্থপনা বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রীকে রাখার বিধান প্রস্তাব করা হয়েছে।

বিলে বলা হয়, তহবিল ব্যবস্থাপনার ক্ষেত্রে সিলেকশন কমিটি থাকবে। যার প্রধান হচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব। এ কমিটি অনুদানের জন্য প্রাপ্ত প্রস্তাবগুলো পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ করবেন। আর এ সুপারিশ অনুমোদন করবেন পরিচালনা বোর্ড।