ভোরের কাগজ সম্পাদকের বিরুদ্ধে মানহানির মামলা
বানোয়াট সংবাদ প্রকাশের অভিযোগ তুলে দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কিশোর রায়।
ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে নিয়ে প্রকাশিত এক সংবাদকে কেন্দ্র করে ঢাকার মুখ্য মহানগর হাকিম সাব্বির ইয়াসির আহসান চৌধুরীর আদালতে মঙ্গলবার মামলাটি করেন তিনি।
গত ১৪ জুলাই দৈনিক ভোরের কাগজে ‘বাদশাকে নিয়ে রাজশাহী ১৪ দলে টানাপড়েন: জঙ্গিবাদবিরোধী সমাবেশে যাচ্ছে না আওয়ামী লীগ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের ঘটনায় দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি করা হয়েছে বলে বাদীর আইনজীবী জাহেদুল ইসলাম কোয়েল জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রকাশিত সংবাদের কোনো তথ্যই বাদশা কোথাও কোনো বক্তব্যে বলেননি। সংবাদটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। ওয়ার্কার্স পার্টি ও দলের এমপি বাদশাকে অসম্মান করার জন্যই এই সংবাদ প্রকাশ করা হয়েছে।”
মামলায় শ্যামল দত্তের সঙ্গে ভোরের কাগজ রাজশাহী প্রতিনিধি সাইদুর রহমানকেও আসামি করা হয়েছে।
একই অভিযোগে এর মধ্যে ওই দুজনের বিরুদ্ধে রাজশাহীর আদালতেও একটি মামলা হয়েছে বলে জাহেদ।
