খিলগাঁওয়ে শিবিরের মেসে ‘ককটেল, জিহাদি বই’
খিলগাঁওয়ের একটি মেসবাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, বিস্ফোরক ও জিহাদী বইসহ ইসলামী ছাত্রশিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতভর খিলগাঁও ‘এ’ ব্লকের ওই বাসায় অভিযান চালায় পুলিশ।
“ওই বাসা থেকে বিপুল পরিমাণ জিহাদী বই, একটি কম্পিউটার, সাতটি ককটেল ও চারটি চাপাতি জব্দ করা হয়েছে।”
খিলগাঁও থানার এসআই জাহিদুর রহমান জানান, গ্রেপ্তারদের মধ্যে থানা ছাত্র শিবিরের সভাপতি মো. মোতাহার হোসেন (২৭) ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক (২৪) রয়েছেন।
গ্রেপ্তার অন্যরা হলেন- মনিরুল ইসলাম (২১), ইসমাইল হোসেন (২২), কাউসার আহমেদ (১৯), আলাউদ্দিন খলিফা (২০), রবিউল ইসলাম (১৮), ফয়সাল হোসেন (২০), মো. ইসমাইল (২৯), মো. সুমন মিয়া (৩২), মো. হাবিবুর রহমান ফাহিম (১৯), কামরুজ্জামান (২৮), রাসেল রানা (২৩), মো. সাইফুল্লাহ (২৪), আবসার আলী (৩৭), মনিরুল ইসলাম (২২), রুম্মন মোল্লা (২৫), মো. শাহ আলম (২৫) ও মো. মনির হোসেন (২২)।
