২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খন্দকার মোশাররফের বিরুদ্ধে দুদকের মামলা চলবে

আট বছর আগে দুর্নীতি দমন কমিশনের করা একটি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন ও তার ছেলে খন্দকার মাহবুব হোসেনের করা দুটি রিট আবেদন খারিজ করে রায় দিয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2016, 11:52 PM

Updated : 20 Aug 2022, 01:13 PM

এ বিষয়ে দেওয়া পৃথক রুলের উপর চূড়ান্ত শুনানি শেষে সোমবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চ এই রায় দেয়।

এর ফলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ, তার ছেলে মাহবুব হোসেনসহ তিনজনের বিরুদ্ধে এই মামলার তদন্ত চলবে বলে জানিয়েছে দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান।  

আদালতে রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।  

আইনজীবী খুরশীদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্টে আগে মামলাটির উপর দেওয়া স্থগিতাদেশ তুলে নিয়ে রুল খারিজ করে রায় দিয়েছে। পাশাপাশি দ্রুত মামলার তদন্ত কাজ শেষ করতে নির্দেশ দিয়েছে আদালত। ফলে মামলাটি চলতে আইনগত বাধা নেই।”  

তিনি জানান, সরকারের ৪৮ লাখ টাকা আর্থিক ক্ষতির অভিযোগে ২০০৮ সালের ১ সেপ্টেম্বর গুলশান থানায় খন্দকার মোশাররফ, তার ছেলে ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. মাহবুবুর রহমানের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মো. লুৎফর রহমান। 

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে পাতানো দরপত্রের মাধ্যমে বিশ্ব ব্যাংকের একটি প্রকল্পের অধীনে বিদেশ গমন ইচ্ছুক স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিমানের টিকেটের দায়িত্ব স্বজন ট্র্যাভেলস ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানকে দেন। নিয়ম বহির্ভূতভাবে এ কার্যাদেশ দেওয়ায় সরকারের ৪৮ লাখ ৫১ হাজার ৮০ টাকার ক্ষতি হয়েছে।

খন্দকার মাহবুব স্বজন ট্রাভেলস ইন্টারন্যাশনালের মালিক।

ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খন্দকার মোশারফ ও তার ছেলে হাই কোর্টে পৃথক রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে একই বছরের ১৬ সেপ্টেম্বর হাই কোর্ট রুল ও মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেয়।

পৃথক রুলের ওপর গত সপ্তাহে শুনানি শুরু হয়ে রোববার শেষ হয়। এর ধারাবাহিকতায় সোমবার সোমবার হাই কোর্ট পৃথক রুল খারিজ করে রায় দেয়।