এমন রায় বোধগম্য নয়: ইমরান
জামালপুরের আট যুদ্ধাপরাধীর রায় নিয়ে গণজাগরণ মঞ্চ ‘পুরোপুরি’ সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
সোমবার আদালতের রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আটজন যুদ্ধাপরাধীর মধ্যে তিনজন পলাতক আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যারা কারাগারে আছে, তাদেরকে লঘুদণ্ড দেওয়া হয়েছে। এর কারণ কী তা আমাদের বোধগম্য নয়।”
বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার এই রায় ঘোষণা করে, যাতে একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে জামালপুরের তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।
এর মধ্যে আসামি মো. আশরাফ হোসেন, মো. আব্দুল মান্নান, মো. আব্দুল বারীকে প্রাণদণ্ড দিয়ে আদালত রায়ে বলেছে, সরকার ফাঁসিতে ঝুলিয়ে অথবা গুলি করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে।
মামলার বাকি পাঁচ আসামি অ্যাডভোকেট মো. শামসুল হক ওরফে ‘বদর ভাই’, এস এম ইউসুফ আলী, ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা শরীফ আহাম্মেদ ওরফে শরীফ হোসেন, মো. আবুল হাশেম ও হারুনকে দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড।
আসামিদের মধ্যে শামসুল ও ইউসুফ রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকিদের পলাতক দেখিয়েই এ মামলার বিচার চলে।
রায়ের পর টিএসসিতে গণজাগরণ মঞ্চের গণসংযোগ কর্মসূচির মধ্যে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা এ আন্দোলনের মুখপাত্র ইমরান।
তিনি বলেন, “যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়ার পর যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারকে সর্বোচ্চ শাস্তি দেয়া হয়, সে ছিল পলাতক। কিন্তু তার পরেই আটক থাকা যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে প্রথমে লঘুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল।
“একই ধারাবাহিকতায় আটক থাকা যুদ্ধাপরাধীদের বারবার লঘুদণ্ড দেওয়া হচ্ছে, আর পালিয়ে থাকা যুদ্ধাপরাধীরা শাস্তি থেকে বেঁচে যাচ্ছে।”
পলাতক যুদ্ধাপরাধীদের দ্রুত খুঁজে বের করে তাদের ‘প্রাপ্য সর্বোচ্চ শাস্তি’ কার্যকর করার দাবি জানান ইমরান এইচ সরকার।
সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষকে এ রায়ের বিরুদ্ধে আপিল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা আশা করি, রাষ্ট্রপক্ষ এই পাঁচ যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি চেয়ে উচ্চ আদালতে আপিল করবে এবং তাদের প্রমাণিত অপরাধের জন্য প্রাপ্য সর্বোচ্চ শাস্তি ভোগ করতে বাধ্য করবে।”
