২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে বড় ভূমিকম্পের সম্ভাবনা কম, সংসদে মায়া

যে ভূ-গাঠনিক অবস্থানে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, সেখানে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি তৈরি হচ্ছে বলে গবেষকরা সতর্ক করলেও দেশে বড় ভূমিকম্পের সম্ভাবনা কম বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী  মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2016, 06:37 PM

Updated : 20 Aug 2022, 01:14 PM

সোমবার সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ বিষয়ে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেন।

নূরজাহান বেগমের সম্পূরক প্রশ্নের জবাবে মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, “আমার জানা মতে বাংলাদেশে বড় ভূমিকম্পের সম্ভাবনা কম। গত ২০০ বছরে এই অঞ্চলে সর্বোচ্চ ৮ মাত্রার ওপরে ভূমিকম্প হয়নি। রিখটার স্কেলে ৯-১০ মাত্রার ভূমিকম্প হলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে।”

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও সিঙ্গাপুরের একদল গবেষকের গবেষণার তথ্য সম্প্রতি নেচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত হয়ে। সেখানে বলা হয়, ভূমিকম্প ঘটলে তা এ অঞ্চলের ১৪ কোটি মানুষকে বিপদের মুখে ঠেলে দিতে পারে।

ওই প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স লিখেছে, এখনই বাংলাদেশ বড় ভূমিকম্পে কেঁপে উঠবে এমন কথা বলা না গেলেও দুটি গতিশীল ভূগাঠনিক প্লেট পরস্পরের ওপর চেপে বসতে থাকায় সেখানে শক্তিশালী ভূমিকম্পের শক্তি জমা হচ্ছে।

গবেষক দলের প্রধান নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ মাইকেল স্টেকলার টমসন রয়টার্স ফাউন্ডেশনকে বলেন, ওই ধরনের ভূমিকম্প কবে ঘটতে পারে, সে পূর্বাভাস আরও গবেষণা না করে দেওয়া সম্ভব নয়। 

ভারতের পূর্ব অংশ ও বাংলাদেশের যে অঞ্চল সম্ভাব্য সেই ভূমিকম্পের উপকেন্দ্র হতে পারে বলে বিজ্ঞানীরা মনে করছেন, তার ১০০ কিলেমিটার ব্যাসের মধ্যে প্রায় ১৪ কোটি মানুষের বসবাস।

সংসদে মায়া চৌধুরী আরও বলেন, “ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার মতো প্রযুক্তি এখনও বিশ্বে নেই। তবে বাংলাদেশে স্বাভাবিক ভূমিকম্প হলে তা মোকাবিলার সব প্রস্তুতি সরকারের রয়েছে।”

পুরনো খবর:

‘বড় ভূমিকম্পের ঝুঁকিতে’ বাংলাদেশ