রবীন্দ্র ও ডিজিটাল বিশ্ববিদ্যালয় বিল পাস
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমান ডিজিটাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠায় দুটি আইন করার প্রস্তাব সংসদে পাস হয়েছে।
রোববার ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ বিল-২০১৬’ এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ বিল-২০১৬’ পৃথক পৃথকভাবে সংসদে পাসের প্রস্তাব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে বিলদুটি কণ্ঠভোটে পাস হয়।
গত ৮ ফেব্রুয়ারি বিল দুটি সংসদে উত্থাপন করার পর পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিলে বলা হয়েছে, এই প্রতিষ্ঠান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও দর্শন, সাহিত্য ও সঙ্গীত, এবং বিশ্ব সংস্কৃতি বিষয়ে অধ্যায়ন ও গবেষণা, কলা, সঙ্গীত ও নৃত্য, চারুকলা, নাট্যকলা, সামাজিক বিজ্ঞান, কৃষি ও সমবায়, ব্যবসা প্রশাসন, আইন, বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিষয়ে স্নাতক ও স্নতকোত্তর পর্যায়ে শিক্ষাদান, গবেষণা করবে।
বিলে বিশ্ববিদ্যালয়ের সিনেটে চারজন রবীন্দ্র বিশেষজ্ঞ রাখার প্রস্তাব করা হয়েছে।
বিলটির উদ্দেশ্য ও কারন সম্পর্কে শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, “বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, বাঙ্গালি সভ্যতা, আচার-আচরণ, সমাজ, কলা, ইতিহাস, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসারমান বিশ্বের সঙ্গে সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন, জাতীয় পর্যায়ে উচ্চ শিক্ষা, গবেষণা ও আধুনিক জ্ঞানচর্চার ক্ষেত্র সম্প্রসারণের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করা করা অতীব প্রয়োজন ও যুক্তিযুক্ত।”
গত বছরের ৮ মে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় সংসদের ফাইল ছবি
এর ধারাবাহিকতায় গত ৫ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে পত্র দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সরকারি চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হবে দেশের ৩৫তম পাবলিক বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে এর অর্থায়ন করবে বলে জানা গেছে।
রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবার জমিদারির দেখাশোনা করতে ১৮৯০ সালে শাহজাদপুরে আসেন। সে সময় শাহজাদপুর কাচারি বাড়িতেই তিনি অবস্থান করতেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বিলে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিজ্ঞান, প্রকৌশল প্রযুক্তি এবং উচ্চতর প্রযুক্তির সাথে সম্পর্কিত যেমন, ডিজিটাল ডেভেলপমেন্ট, ডিজিটাল টেকনোলজি, বায়োটেকনোলিজি, ন্যানো টেকনোলজি, এডভ্যান্সড টেকনোলজি, ইন্সট্রাকশনাল টেকনোলজি, রোবোটিকস, ক্লাউড কম্পিউটিং, সাইবার নিরাপত্তা, ই-কমার্স, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ই-বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদান, গবেষণা করবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে খ্যাতিসম্পন্ন ও প্রশাসনিক কাজে অভিজ্ঞ ব্যক্তি উপাচার্য হিসেবে নিয়োগ পাবেন বলে বলা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, “উচ্চ শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ এবং সম্প্রসারণ কার্যক্রম অগ্রগতিকল্পে এবং এ বিশ্ববিদ্যালয়ের বিজনেস ইনকিউবেটর এর মাধ্যমে দেশে ও বিদেশে তথ্য প্রযুক্তি খাতে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান সম্প্রসারণ করে অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই দেশকে উন্নত দেশে রূপান্তর করার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ স্থাপন করা অতীব প্রয়োজন।”
