২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক মতিউর চৌধুরীর থেকে প্লট কিনেছিলেন কামারুজ্জামান

চার যুদ্ধাপরাধীর সরকারি প্লট বাতিলের উদ্যোগের কথা গণপূর্তমন্ত্রী জানালেও মুহাম্মদ কামারুজ্জামানের মিরপুরের প্লটটি মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীর কাছ থেকে কেনা বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2016, 11:12 PM

Updated : 12 Apr 2022, 02:28 AM

যুদ্ধাপরাধীদের নামে বরাদ্দ প্লটগুলো বাতিলে সরকারি উদ্যোগ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে একটি সংবাদ প্রকাশের পর এক প্রতিবাদলিপিতে সাংবাদিক কলোনির ওই প্লট কেনার কথা জানান কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল।

পরে মতিউর রহমানের কাছে জানতে চাইলে তিনি এর সত্যতা নিশ্চিত করেন।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা চার যুদ্ধাপরাধীর প্লটের সন্ধান পেয়েছি। এগুলো বাতিল করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি।”

যুদ্ধাপরাধে দণ্ডিত চার জামায়াত নেতার মধ্যে মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদী প্লট বরাদ্দ পেয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে। কামারুজ্জামানের প্লটটি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্রকল্পের।

শুক্রবার পাঠানো ওই প্রতিবাদলিপিতে কামারুজ্জামানের ছেলে হাসান বলেন, “আমার বাবা কোনো সরকারের আমলে কোথাও কোনো প্লট বরাদ্দ পাননি। মিরপুর সাংবাদিক কলোনির ১০৫ নম্বর প্লটটি মানবজমিন সম্পাদক জনাব মতিউর রহমানের কাছ থেকে আমার বাবা ১৯৯৮ সালে ক্রয় করেন। অর্থাৎ এই জমি ক্রয়সূত্রে প্রাপ্ত, সরকারি বরাদ্দ হিসেবে নয়।”

পরে এ বিষয়ে জানতে চাইলে লন্ডনে অবস্থানরত মানবজমিন সম্পাদক মতিউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্রকল্পের প্লটটি সাংবাদিকদের জন্য বরাদ্দ হিসাবে পান তিনি। ১৯৯৮ সালে এটি বিক্রির জন্য পত্রিকার বিজ্ঞাপন দেওয়ার পর কামারুজ্জামান জমি কেনার আগ্রহ দেখান।

“এ ধরনের প্লট বিক্রি করলে কেবল সাংবাদিকদের কাছেই বিক্রি করার বাধ্যবাধকতা ছিল গঠনতন্ত্রে। আর ওই সময় কামরুজ্জামান দৈনিক সংগ্রাম ও সোনার বাংলা পত্রিকার সম্পাদক ছিলেন। এছাড়া তিনি জাতীয় প্রেসক্লাবের সদস্য ছিলেন।”

কামারুজ্জামানের বিরুদ্ধে তখন যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ শোনেননি বলে দাবি করেন মানবজমিন সম্পাদক।

“এসব মিলিয়ে জমিটি তার কাছে বিক্রি করেছি। কারণ তখন আমার খুব টাকার প্রয়োজন ছিল।”