পঞ্চমের সমাপনী শুরু ২০ নভেম্বর
চলতি বছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে ২০ নভেম্বর, চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।
রোববার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এ পরীক্ষা সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এই তারিখ নির্ধারণ করা হয়।
বৈঠকের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার সাংবাদিকদের পরীক্ষার সূচি জানান।
তিনি বলেন, ৩৪ লাখ ৪৫ হাজার শিক্ষার্থী এবার প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে অংশ নেবে। এরমধ্যে ৩১ লাখ ২৫ হাজার প্রাথমিক সমাপনী ও তিন লাখ ২০ হাজার ইবতেদায়িতে বসবে।
আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর ফল প্রকাশ করা হবে বলেও জানান মন্ত্রী।
প্রাথমিক স্তর অষ্টম শ্রেণিতে উন্নীত হওয়ায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা উঠিয়ে দেওয়ার উদ্যোগ নিলেও তাতে মন্ত্রিসভার সায় না পাওয়ায় এবারও আলাদাভাবে দুটি সমাপনী পরীক্ষায় বসতে হচ্ছে ওই দুই শ্রেণির শিক্ষার্থীদের।
মন্ত্রিসভার সিদ্ধান্তে ২০০৯ সালে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রচলন হয়। পরের বছর মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য চালু হয় ইবতেদায়ি সমাপনী পরীক্ষা।
আর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে আয়োজন করা হয় জেএসসি-জেডিসি পরীক্ষা।
আগে পঞ্চম শ্রেণিতে আলাদা করে বৃত্তি পরীক্ষা নেওয়া হলেও প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী চালুর পর ওই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকেই বৃত্তি দেওয়া হচ্ছিল।
এরই মধ্যে জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করে গত ১৮ মে তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হলে সমাপনী পরীক্ষা হবে কি না সেই প্রশ্ন তৈরি হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তফিজুর রহমান ফিজার গত ২১ জুন সাংবাদিকদের বলেন, “কথা হয়ে গেছে, এবার থেকেই পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা আর হবে না। প্রাথমিকের শিক্ষার্থীদের অষ্টম শ্রেণিতে একটি সমাপনী পরীক্ষা হবে।”
কিন্তু ২৭ জুন পঞ্চমের সমাপনী বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় তোলা হলে তা বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করে ফের উপস্থাপন করতে বলা হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সেদিন সাংবাদিকদের বলেন, “মন্ত্রিসভায় প্রস্তাবটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত আগের মত প্রাথমিক সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা চলতে থাকবে। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছিল- মন্ত্রিসভা তা মানেনি, এবারও পরীক্ষা হবে।”
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী রোববার জানান, এবারও বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের ২০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে। পরীক্ষার ফি আগের মতোই ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, এবার থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. হুমায়ুন খালিদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন ভূঞা সভায় উপস্থিত ছিলেন।
পরীক্ষা সূচি
প্রাথমিক সমাপনী: ২০ নভেম্বর ইংরেজি, ২১ নভেম্বর বাংলা, ২২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৩ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৪ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৭ নভেম্বর গণিত পরীক্ষা হবে।
ইবতেদায়ি সমাপনী: ২০ নভেম্বর ইংরেজি, ২১ নভেম্বর বাংলা, ২২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৩ নভেম্বর আরবি, ২৪ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ, ২৭ নভেম্বর গণিত পরীক্ষা হবে।
