জঙ্গি প্রতিরোধে ছাত্রলীগকে নানকের আহ্বান
জঙ্গিবাদ দমনে ছাত্রলীগকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীণ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
বাংলা একাডেমি অডিটোরিয়ামে সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ।
নানক বলেন, “জঙ্গিবাদ দমনে বর্তমান সরকার বদ্ধপরিকর। কোনোভাবেই এদেশে জঙ্গিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।
তিনি বলেন, “সারা রাত জেগে থেকে গুলশান ট্রাজেডির ঘটনা প্রধানমন্ত্রী নিজে তদারকি করেছেন। তার যোগ্য নেতৃত্বেই আগামীতেও সকল ধরনের উগ্রতা দমন করা হবে।”
ছাত্রলীগের উদ্দেশে নানক বলেন, “তোমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে। জঙ্গিবাদের আস্তানা চিহ্নিত করতে হবে। আইনশৃঙ্খলাবাহিনী সহায়তা নিয়ে জঙ্গিদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
আওয়ামী লীগের এই নেতা বলেন, “গুলশান হামলার ঘটনা নতুন ঘটনা নয়, এটি বিএনপি-জামায়াতের পেট্রোল বোমা হামলার ধারাবাহিকতা। সেই সময় থেকেই সাধারণ মানুষ হত্যা শুরু হয়েছে। এ ধরনের মানুষ হত্যার দায়-দায়িত্ব বেগম খালেদা জিয়া ও মতিউর রহমান নিজামীকে নিতে হবে।”
ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, “যেদিন গুলশানে হামলা হল সেদিন কেন তারেক রহমানের মোবাইল ফোন ব্যস্ত ছিল? সেই প্রশ্নের উত্তর জাতি জানতে চায়।”
তারেক রহমানকে গ্রেপ্তার করলে জঙ্গি হামলার তথ্য বেড়িয়ে আসবে বলেও মন্তব্য করেন এই ছাত্রলীগ নেতা।
সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, আওয়ামী লীগের সদস্য এস এম কামাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।
