২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রং-তুলিতে আবহমান বাংলার রূপ

একদল তরুণ শিল্পীর রং-তুলির আঁচরে ফুটে ওঠা আবহমান বাংলার সৌন্দর্যের রূপ তুলে ধরতে ঢাকায় চলছে চিত্র প্রদর্শনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2016, 01:16 PM

Updated : 11 Oct 2022, 08:30 PM

আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুক্রবার ‘বাংলার মাটি, বাংলার জল’ শিরোনামের এই প্রদর্শনী শুরু হয়।

এতে স্থান পেয়েছে ২০ শিল্পীর ৩৫টি চিত্রকর্ম, যেগুলোর বেশিরভাগ আঁকা হয়েছে অ্যাক্রিলিক রং দিয়ে।

এসব চিত্রকর্মে এই তরুণরা নিজ নিজ মানসপটে থাকা আবহমান বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, ঋতু বৈচিত্র্যের নানা রূপ, প্রকৃতির বিশালতা ও গ্রামীণ সৌন্দর্য আর সবুজ প্রকৃতির রূপ তুলে ধরেছেন।

তারা দেখাতে চেয়েছেন নির্মেঘ পরিবেশ, অনুপম দৃশ্যাবলী ও সুখ-স্বাচ্ছন্দ্যবঞ্চিত বিভিন্ন জীবিকার মানুষের জীবনগাথা।

‘কুইনিস আর্ট’ এর উদ্যোগে সবার জন্য উন্মুক্ত ১০ দিনের এই প্রদর্শনী শেষ হবে ২০ জুলাই।

সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা, শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে।

সাপ্তাহিক ছুটির দিন রোববার প্রদর্শনী বন্ধ থাকবে।