জাদুঘরে পোড়ামাটির শিল্পকর্ম প্রদর্শনী
লোক ঐতিহ্যের বিবর্তিত শিল্পমাধ্যম মৃৎশিল্পকে নতুন আঙ্গিকে তুলে ধরার প্রয়াসে রাজধানীর জাতীয় জাদুঘরে শুরু হয়েছে ‘পোড়ামাটির শিল্পকর্মের বিশেষ প্রদর্শনী’।
শুক্রবার বিকাল ৪টায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
জাতীয় জাদুঘর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে স্থান পেয়েছে ৩০ জন শিক্ষার্থী ও একজন শিক্ষকের মোট ৭২টি শিল্পকর্ম।
শিক্ষক-শিক্ষার্থীদের তৈরি মৃৎশিল্প ও ভাস্কর্য ছাড়াও জাদুঘর সংগৃহীত পোড়ামাটির শিল্পকর্মের ১০০টি নিদর্শন নিয়েও রয়েছে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া একটি প্রদর্শনী।
তিনি বলেন, “সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে ঐতিহ্যবাহী মৃৎশিল্প রুগ্নশিল্পে পরিণত হয়েছে। তৃণমূল পর্যায়ে গবেষণার মাধ্যমে লোকশিল্পের সম্ভাবনাময় এই মাধ্যমটির পুনর্জাগরণ ঘটাতে হবে।”
জঙ্গিবাদের বিস্তার ও দেশব্যাপী ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনায় তৃণমূল পর্যায়ে সাংস্কৃতিক আন্দোলন বেগবান করার আহ্বান জানান মন্ত্রী।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সহযোগী অধ্যাপক নূরুল আমীন বলেন, “মৃৎশিল্প বাংলার গৌরব ও ঐতিহ্যের অংশ। বাংলার সামাজিক সাংস্কৃতিক ইতিহাস রচনার অন্যতম উৎস।
“‘পোড়ামাটির শিল্পকর্ম’ শীর্ষক এ প্রদর্শনীর মাধ্যমে মৃৎশিল্পের বিবর্তনের চিত্র পরিষ্কারভাবে বোঝা যাবে।”
লোকশিল্প গবেষকের এ অভিযোগ, “গবেষণা ও পৃষ্ঠপোষকতার অভাবে শিল্পী-সমালোচক-শিল্পরসিক ও সাধারণ মানুষের কাছে আধুনিক সৃজনশীল পোড়ামাটির শিল্প পুরোপুরি সমাদৃত হয়নি।
একইসঙ্গে চলা এই প্রদর্শনী দুটিতে বাংলাদেশের মৃৎশিল্পের গৌরবময় ঐতিহ্য এবং সম্ভাবনায় বর্তমান দেখার সুযোগ মিলবে।
এতে বিশাল আকারের কুমড়া, কদু, করলাসহ গার্হস্থ্য জীবনের নানা উপাদান, শৌখিন শিল্পকর্ম, স্থাপত্য শিল্পকর্ম, ভাস্কর্য এবং বৌদ্ধবিহার, মন্দির ও মসজিদের গায়ের অলংকারে ব্যবহৃত ফলকের মাধ্যমে প্রাচীন বাংলার ধর্মীয় ও সামাজিক ইতিহাস এবং স্থাপত্য অলংকরণের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে।
হাতের মৃদু স্পর্শ, নখের সামান্য চাপ নরম মাটিতে নতুন ভাষা দিচ্ছিলেন মৃৎশিল্পীরা। চোখের সামনেই এক তাল মাটি পরিণত হলো মাটির পাতিল, ফুলদানি, মাটির পাত্রে। বিস্ময় লাগবে যে কারো! রায়ের বাজারের কুমার বিপদ হরি পালের হাতের ছোঁয়ায় খুব হেলাফেলায় মৃৎশিল্পের নানা উপকরণে ভরে উঠলো চারপাশ।
রাজশাহীর মৃৎশিল্প বিভাগের শিক্ষার্থী ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কুমাররা বংশ পরম্পরায় যে মুন্সিয়ানা রপ্ত করে চার পাঁচ বছর পড়ে সেসব আয়ত্ত করা কঠিন।
“তবে তাদের আধুনিক কৌশল প্রশিক্ষণ দিলে আমাদের চাইতে তাদের কাজের মান ভালো হবে। আধুনিক কৌশল না জানার কারণেই সিরামিকের কাজে মৃৎশিল্পের মূল কারিগর এই কুমাররা পিছিয়ে যাচ্ছে।”
এ প্রদর্শনী শেষ হবে ২৬ জুলাই। শনি থেকে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এবং শুক্রবার বিকাল ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
