জঙ্গিবাদ ঠেকাতে সাংস্কৃতিক জাগরণের ডাক
সাংস্কৃতিক আন্দোলনের অনুপস্থিতি বাংলাদেশে জঙ্গিবাদ প্রসারের পথ তৈরি করেছে উপলব্ধি থেকে জেলায় জেলায় ‘সাংস্কৃতিক বলয়’ গড়ে তুলে উগ্রবাদ প্রতিরোধের ডাক দিয়েছেন সংস্কৃতিকর্মীরা।
গুলশান ও শোলাকিয়ায় হামলার প্রেক্ষাপটে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল বৈঠকে এই আহ্বান জানানো হয়।
এই দুটি হামলায় তরুণদের জড়িত থাকার তথ্য বেরিয়ে আসার পরিপ্রেক্ষিতে অভিভাবকদের সচেতন হতেও বৈঠক থেকে আহ্বান জানানো হয়।
‘সাংস্কৃতিক আন্দোলন রুখতে পারে সন্ত্রাস ও জঙ্গিবাদ’ শীর্ষক এই বৈঠকে নাট্যব্যক্তিত্ব ইনামুল হক বলেন,এখন মুখে মুখে অসাম্প্রদায়িক চেতনার কথা বলা হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই।
“আমরা কি সত্যিই ছেলেমেয়েদের সংস্কৃতির প্রতি আকৃষ্ট করতে পেরেছি? সংস্কৃতি অঙ্গনের সঙ্গে তাদের যোগাযোগ নেই। এই শহরে পরিবারগুলোতে সংস্কৃতির চর্চা নেই। কেউ বলছেন, নারী জাগরণ হয়েছে। কিন্তু কোথায় নারী জাগরণ হয়েছে? মায়েরা স্কুলে গিয়ে গল্প করে, ‘আমার ছেলে অমুক হিন্দুর ছেলের সঙ্গে মিশে না।’ এ কোন সংস্কৃতির চর্চা?”
কবি রবীন্দ্র গোপ, অভিনেতা ফারুক, কণ্ঠশিল্পী আবদুল জব্বার, মনোরঞ্জন ঘোষাল, চিত্রনায়িকা নূতন, নাট্যব্যক্তিত্ব এস এম মোহসিনসহ ৪০টি সাংস্কৃতিক সংগঠনের নেতারা এই গোলটেবিল বৈঠকে যোগ দেন।
তারা বলেন, শিল্প-সংস্কৃতির বোধের জাগরণ না হলেও বাংলাদেশের সব উন্নয়ন মুখ থুবড়ে পড়বে। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জাতিকে সংস্কৃতিমনা হিসেবেও গড়ে তুলতে হবে।
বাঙালি সাংস্কৃতিক জোটের সভাপতি অভিনেতা আকবর খান পাঠান ফারুক বলেন, “একাত্তরে দেশের জন্য কাজ করেছি, আজও করছি। কেউ ডাকলেও করব, না ডাকলেও করব। সন্ত্রাস নির্মূল না হওয়া অবধি আমরা কাজ করব।”
আওয়ামী লীগের প্রচার, প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ বলেন, “সাংস্কৃতিক আন্দোলনকে রাজপথে নিয়ে যেতে হবে। মঞ্চনাটক, পথনাটক, সিনেমার মাধ্যমে জনগণকে জঙ্গিবাদবিরোধী বার্তা পৌঁছে দিতে হবে।”
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, অভিভাবকদের অচেতনতায় তরুণরা নানা অপকর্মে যুক্ত হচ্ছে।
“অভিজাত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করিয়ে অভিভাবকের দায়িত্ব শেষ হয়ে যায় না। আমরা অভিভাবকরা ছেলেমেয়েদের ঠিকমতো সময় দিই না, তাদের সঠিক পরামর্শ দিই না। তাদের মধ্যে আমরা জিপিএ-৫ কেন্দ্রিক মানসিকতা গড়ে তুলেছি, এটা থেকে বেরিয়ে আসতে হবে।”
আওয়ামী লীগে ‘মোল্লাতন্ত্র’
গোলটেবিল বৈঠকে বক্তব্যে সাংবাদিক মোজাম্মেল বাবু উগ্রবাদীদের বিষয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ‘নমনীয়তার’ সমালোচনাও করেন।
ওলামা লীগের তৎপরতা ধরে তিনি বলেন, “আওয়ামী লীগের ভেতরে আজকে মোল্লাতন্ত্র ঢুকে গেছে। কিছু বললেই তারা বলে তাদের ধর্ম অনুভূতিতে আঘাত লেগেছে।
“কদিন আগে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে এক শিক্ষককে কানে ধরে উঠবস করানো হল। এসব কিছুর পরেও আওয়ামী লীগ তাদের কেন ছাড় দিচ্ছে?”
বাংলাদেশে ওহাবি মতাদর্শের প্রচারের মাধ্যমে উগ্রবাদের প্রসার ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেন একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু।
“পেট্রোডলার রোগে আক্রান্ত একটি গোষ্ঠী দেশের ওহাবি ইসলাম প্রচারের নামে আরব সংস্কৃতির আমদানি করছেন। আমাদের দেশে অশান্তির প্রধান কারণ হচ্ছে, ইসলামের নামে আরব সংস্কৃতির আগ্রাসন। এ সংস্কৃতি আমাদের যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে।”
অন্যদিকে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন ও আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ বিএনপিকে দায়ী করেন।
মোমেন বলেন, “একটি বিশেষ দল সরকারে থাকতে জঙ্গিদের মদদ দিয়েছে, যখন বিরোধী দলে গেল তখন জ্বালাও-পোড়াও করছে।”
হাছান মাহমুদ বলেন, “খালেদা জিয়া জঙ্গিদের সাথে নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তান, আফগানিস্তান থেকে ট্রেনিংপ্রাপ্ত জঙ্গিদের পাশে নিয়ে খালেদা জিয়া নাকি জঙ্গিবাদবিরোধী কর্মসূচিতে নামবেন?”
